ঢাকা বিভাগের প্রতি পাঁচটি শিশুর প্রায় একটি মানসিক সমস্যায় ভুগছে। শতাংশের হিসাবে এই হার ১৮ দশমিক ৪। গতকাল মঙ্গলবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রকাশ করা তথ্যে এ কথা জানা গেছে। শিশু-কিশোরদের মধ্যে মানসিক রোগ, বুদ্ধিপ্রতিবন্ধিতা, মৃগীরোগ ও মাদকাসক্তির হার নির্ণয়ে ইনস্টিটিউট সম্প্রতি এক সমীক্ষা চালায়।নিজেদের প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সমীক্ষার ফল প্রকাশের সময় ইনস্টিটিউটের পরিচালক গোলাম রব্বানী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শিশু-কিশোরদের মধ্যে দিন দিন মানসিক রোগের প্রকোপ বেড়ে চলেছে। বিশ্বায়নের প্রভাব এবং নানা কারণে মূল্যবোধ ও আর্থসামাজিক সংস্কৃতির দ্রুত পরিবর্তনের কারণে শিশুদের মধ্যে মানসিক রোগের হার বাড়ছে। গবেষণায় এ রকমই প্রমাণ মিলেছে বলে তিনি জানান।শুধু শিশুদের মানসিক অসুস্থতার হার সম্পর্কে দেশে আগের কোনো বিশদ গবেষণার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের ভিত্তিতেই গবেষকেরা ইঙ্গিত দিচ্ছেন যে এটি বেড়ে চলেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার অসংক্রামক ব্যাধি কর্মসূচির প্রধান মোস্তফা জামান নতুন এ গবেষণায় পাওয়া তথ্যকে ‘খুবই উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘দেখা যাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের বড় শহর বা অঞ্চলের তুলনায় বাংলাদেশের ঢাকা বিভাগের পরিস্থিতি বেশ খারাপ।’মানসিক রোগ অসংক্রামক ব্যাধিগুলোর একটি—এ কথা উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ বলেন, সরকার অসংক্রামক ব্যাধির চিকিৎসায় কমিউনিটি ক্লিনিকগুলোকে কাজে লাগাতে চায়।এর আগে ২০০৩-০৫ সালে ১৮ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে একটি সমীক্ষা পরিচালিত হয়েছিল। তাতে ১৬ দশমিক ১ শতাংশ মানুষ মানসিক রোগে আক্রান্ত বলে উল্লেখ করা হয়। শুধু শিশু-কিশোরদের ওপর এত বড় পরিসরে দেশে এর আগে কোনো জরিপকাজ হয়নি বলে জানানো হয়েছে।গবেষণার ফলে যা পাওয়া গেছে: ঢাকা বিভাগের ১৫টি জেলার ৩৮টি উপজেলার চার হাজার ৭০০টি শিশুর ওপর ২০০৯ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দৈবচয়ন-পদ্ধতিতে মাঠপর্যায়ে গবেষণা চালানো হয়। ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে ১৮ দশমিক ৪ শতাংশ মানসিক সমস্যায়, ২ শতাংশ মৃগীরোগে, ৩ দশমিক ৮ শতাংশ বুদ্ধিপ্রতিবন্ধিতা এবং দশমিক ৮ শতাংশ মাদকাসক্তিতে ভুগছে বলে দেখা যায়।গবেষণার আওতাভুক্ত শিশুদের মধ্যে ৫-১১ বছর বয়সী শিশুদের মধ্যে মৃগীরোগ (২.৬%) ও বুদ্ধিপ্রতিবন্ধিতার হার (৪.৩%) বেশি। অন্যদিকে ১২-১৭ বছর বয়সী শিশুদের মধ্যে মানসিক রোগ (২১.২%) ও মাদকাসক্তির (২.১%) হার বেশি। শনাক্ত হওয়া মাদকাসক্ত শিশুদের প্রায় ১৭ শতাংশ মেয়ে। প্রতিবেদনে বিশেষজ্ঞ ব্যক্তিরা লিখেছেন, জন্মের সময় মা কিংবা বাবার বয়স বেশি হওয়া, একক পরিবারে বসবাস এবং পরিবারের কারও মানসিক রোগ থাকার কারণে শিশুর মানসিক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি হয়।গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া মেয়েশিশুদের মধ্যে মৃগীরোগ এবং ছেলেদের মধ্যে মানসিক রোগ ও বুদ্ধিপ্রতিবন্ধিতা বেশি। শহরের তুলনায় গ্রামে বেশিসংখ্যক শিশু মানসিক রোগে ভুগছে। শহরে এর হার ১৪ দশমিক ৩ শতাংশ আর গ্রামে ১৭ দশমিক ৫ শতাংশ।অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা কম থাকা, পরিবারে কারও মানসিক রোগ থাকার ইতিহাস, জন্মের সময় মাথায় আঘাত পাওয়া এবং মা কিংবা বাবার মানসিক সমস্যার উপস্থিতির সঙ্গে শিশুর মানসিক রোগ, বুদ্ধিপ্রতিবন্ধিতা ও মৃগীরোগে আক্রান্ত হওয়ার সম্ভাব্য যোগসূত্র আছে বলে গবেষণায় প্রমাণিত হয়েছে।মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট শিশু-কিশোরদের মানসিক রোগের চিকিৎসায় জেলা হাসপাতালগুলোর আরও কার্যকর ভূমিকা রাখা এবং এ বিষয়ে সর্বত্র সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে।অনুষ্ঠানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।