শিশু-কিশোরদের মিলনমেলার জন্য প্রস্তুত হচ্ছে মৌচাক
‘সকল বাধা পেরিয়ে যাব’ এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সপ্তম জাতীয় কাব ক্যাম্পুরি। শিশু-কিশোরদের ছয় দিনব্যাপী এই মিলনমেলা আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। এ উপলক্ষে কেন্দ্রে চলছে ব্যাপক প্রস্তুতি। আয়োজকেরা জানান, প্রতি চার বছর পর এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এবার প্রায় ১০ হাজার কাব-স্কাউট অংশ নেবে।বাংলাদেশ স্কউটসের প্রধান জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, সপ্তম কাব ক্যাম্পুরি আগামী ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি জিল্লুর রহমান সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।সরেজমিনে দেখা গেছে, প্রশিক্ষণকেন্দ্রের পাঁচ বর্গকিলোমিটার এলাকাজুড়ে চলছে তাঁবু টানানোর কাজ। পানি সরবরাহ, চারদিকে বিদ্যুৎসংযোগ, পর্যাপ্ত পরিমাণে টয়লেট নির্মাণ, চিকিৎসাকেন্দ্র, নামাজের স্থান, যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা ও মূল মাঠ প্রস্তুতসহ সব কাজ চলছে দ্রুতগতিতে। বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, সপ্তম জাতীয় কাব ক্যাম্পুরিতে অংশ নেওয়ার জন্য জেলা, উপজেলা ও অঞ্চল নির্বাচিত ইউনিটগুলোর নিবন্ধন এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। কাব ক্যাম্পুরির কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য স্কাউটারদের ভিলেজ ও সাব-ক্যাম্প করা হয়েছে। প্রতিটি ভিলেজ ও সাব-ক্যাম্পের দায়িত্বে থাকবেন ট্রেনার ও লিডারেরা। কাব ক্যাম্পুরিতে অংশ নেওয়া শিশু-কিশোরদের জন্য থাকবে কিচির মিচির, আপন ঘর, শুভ সকাল, ক্যাম্প ফায়ার, উৎসব, উদ্বোধনী অনুষ্ঠান, সমাপনী অনুষ্ঠান ও গ্রান্ড ক্যাম্প ফায়ার এবং উদ্দীপন ইভেন্টের বিষয়: আমাদের খেলা, বন্ধু খুঁজি, কার্নিভাল, ছবি বলে, আমিও পারি, প্রযুক্তির আলো, অভিযান, নন্দন ভ্রমণ ইত্যাদি। এগুলোতে অংশ নেওয়া শিশু-কিশোরদের জন্য থাকবে পুরস্কারের ব্যবস্থা। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, কাব ক্যাম্পুরিতে অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত টহল পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হবে।