শিশু-কিশোরদের সামনে দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী
শিশু-কিশোরদের সামনে দেশের বিজয় ও অর্জনের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এতে প্রজন্মের পর প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত হবে। আজ রোববার রাজধানীর জাতীয় জাদুঘরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের মহাপট’ শীর্ষক একটি স্ক্রল পেইন্টিংয়ের পক্ষকালব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘প্রকৃত ইতিহাস জানলে শিশু-কিশোরেরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। স্বার্থপরের মতো নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে দেশের জন্য, দেশের মানুষের কল্যাণে কিছু করার আগ্রহ সৃষ্টি হবে, একটা চেতনা আসবে; যেটা আমাদের জন্য খুবই দরকার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অনেক দিবস পালন করলেও সেই দিবসের মাহাত্ম্য, ইতিহাস আমাদের নতুন প্রজন্ম জানতে পারে না।’ এর কারণ হিসেবে তিনি বলেন, ৭৫–এর পর ২১ বছর তরুণ প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি, বরং ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছিল। ফলে অনেকেই আশপাশ, শিক্ষাপ্রতিষ্ঠান, বন্ধুবান্ধব বা আত্মীয়–পরিজন থেকে পরিপূর্ণ বা সঠিক ইতিহাস জানতে পারেনি।
শেখ হাসিনা বলেন, ‘একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন আমরা পালন করি, জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ৭৫–এর ১৫ আগস্টের নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড বা ১৯৭১ সালে যেভাবে এ দেশে গণহত্যা হয়েছে, আমাদের শিশু-কিশোর থেকে শুরু করে প্রজন্মের পর প্রজন্মের জানা উচিত।’
বঙ্গবন্ধুর বৈচিত্র্যময় ও বহুমাত্রিক জীবন তুলে ধরে এ স্ক্রল পেইন্টিং এঁকেছেন দেশের খ্যাতনামা চিত্রশিল্পী শাহজাহান আহমেদ। ১৫০ ফুট দীর্ঘ স্ক্রল পেইন্টিংটি বাংলাদেশে সম্পাদিত সর্ববৃহৎ পটভূমিতে জাতির জনকের জীবনভিত্তিক চিত্রকর্ম।
প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে শিল্পীর তুলির আঁচড়ে আমাদের বাংলাদেশের সংগ্রাম থেকে অর্জনের যে ইতিহাস, তা ফুটে উঠেছে। শুধু বর্ণমালা পড়েই নয়, শিল্পীর তুলিতেও মানুষ সেটা দেখতে ও উপলব্ধি করতে পারবে। জানতে ও শিখতে পারবে।’
শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশের কবি, শিল্পী ও সহিত্যিকেরা তাঁদের লেখনীর মধ্য দিয়ে, তাঁদের তুলির আঁচড়ে, কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটিকে চিরভাস্বর করে রেখেছেন। সেজন্য ষড়যন্ত্রকারীরা চাইলেও নামটি মুছতে পারেনি।’ এ জন্য সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত থাকায় দেশের অনেক উন্নতি তাঁর সরকার করেছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, এ সময়ে মানুষের জীবন মান পাল্টেছে। দারিদ্র্য কমেছে, শিক্ষা–দীক্ষার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, উন্নতির ছোঁয়া গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতির জনকের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রদর্শনীর আয়োজন সহযোগী বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’র পক্ষ থেকে ম্যানেজিং পার্টনার শিল্পী আফজাল হোসেন, বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি শিল্পী জামাল আহমেদ।