শিশু-কিশোরসহ নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়টি জেলায় গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু-কিশোরসহ ১২ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে গত ১৯৭ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৬৮। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামে দুপুরে নছিমনের ধাক্কায় মো. শাহাদাত (৪) নামের এক শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের নবী মিয়ার ছেলে। শিশুটি সড়কের ধারে খেলার সময় নছিমন তাকে ধাক্কা দেয়।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার পারাইরচক এলাকায় বিকেলে একটি প্রাইভেট কার দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই চালক ও গাড়িতে থাকা এক আরোহী নিহত হন। নিহত চালকের নাম শোভন আহমেদ (২২)। তিনি জালালাবাদ থানার টোকের বাজার এলাকার বাসিন্দা ছিলেন। নিহত অন্যজন বালাগঞ্জ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আসবাহ্ উদ্দিনের ছেলে আসিফ আলী (১৫)।

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। নগরের মাঝিরঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় সন্ধ্যায় কৃষ্ণা দে (৩৫) নামের এক নারী নিহত হন। তিনি মাদারবাড়ির হারাধন দের স্ত্রী। দুপুরে পটিয়ার বোর্ড অফিস এলাকায় একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান হেলাল (৩৫) নামের একজনকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুরের খানসামা উপজেলার বাসুলী গ্রামের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সকালে একটি মোটরসাইকেলের ধাক্কায় জসির উদ্দিন (৮০) নামের এক ব্যক্তি নিহত হন। সকালে আরও একটি দুর্ঘটনায় জেলার পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের পূর্ব রাজাবাসর গ্রামের রুহুল আমিন (২০) প্রাণ হারান।

বরগুনার পাথরঘাটার বাঁশতলা সেতুর পাশে বাসচাপায় মো. মোশতাক খান (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি কাকচিড়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামের কাসেম আলী খানের ছেলে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর মাদরাসার সামনে সকালে সড়ক দুর্ঘটনায় সাহেদা খাতুন (৫২) নিহত হন। চুয়াডাঙ্গা পৌর এলাকার ভীমরুল্লাহ মহল্লার শাহজাহান আলীর স্ত্রী সাহেদা খাতুন উজিরপুর এলাকার একটি মেসের রাঁধুনি ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর প্রথম গেট এলাকায় বিকেলে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী (৩৫) ঘটনাস্থলেই মারা যান। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেকি বালিকা বিদ্যালয়ের সামনে ইঞ্জিনচালিত ভ্যান থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাঁর নাম শাহীনুর রহমান গাজী (৩৮)। তাঁর বাড়ি কালীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে।

নেত্রকোনার মদনপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল জব্বার (৪৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ত্রিয়োশ্রী গ্রামের জানু মিয়ার ছেলে।