শিশু-কিশোরের কলরবে মুখরিত গজারি বন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সকল বাধা পেরিয়ে যাব’—এই প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে সপ্তম কাব ক্যাম্পুরি। সকাল থেকেই শিশু-কিশোরদের কলরবে মুখরিত হয়ে ওঠে শাল-গজারির বন। আজ বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ক্যাম্পুরি উদ্বোধন করবেন।উদ্বোধনী অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য কাব স্কাউটরা গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মূল মাঠে মহড়া দেয়। কাব ক্যাম্পুরি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে মৌচাক স্কাউট প্রশিক্ষণকেন্দ্রের হলরুমে এক সংবাদ সম্মেলনের অয়োজন করা হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম খান, আরেফিন সামছুল হক প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, সপ্তম জাতীয় কাব ক্যাম্পুরির বাজেট ধরা হয়েছে এক কোটি ৩০ লাখ টাকা। কাব ক্যাম্পুরি ৬ থেকে ১৬ বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নেয়। এক হাজার ১২০টি ইউনিটে মোট নয় হাজার কাব স্কাউট, লিডার, ট্রেইনার, স্বেচ্ছাসেবক স্কাউট অংশ গ্রহণ করেছেন। ছয় দিনব্যাপী কাব ক্যাম্পুরিতে কাবরা আটটি আনন্দ ইভেন্ট ও আটটি উদ্দীপন ইভেন্টে অংশগ্রহণ করবে। শিক্ষামূলক ইভেন্টগুলো হচ্ছে: কিচিরমিচির, আপন ঘর, শুভ সকাল, ক্যাম্প ফায়ার, উৎসব, উদ্বোধনী অনুষ্ঠান, সমাপনী ও ক্যাম্প ফায়ার। এ ছাড়া উদ্দীপন ইভেন্টগুলো হচ্ছে: আমাদের খেলা, বন্ধু খুঁজি, কার্নিভাল, ছবি বলে, আমিও পারি, প্রযুক্তির আলো, অভিযান ও নন্দন ভ্রমণ।বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, শিশু-কিশোর ও যুবদের চাহিদার প্রতি লক্ষ রেখে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী নিয়মিত প্রশিক্ষণ ও ব্যাক্তিজীবনে তার ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে তাদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক গুণাবলির বিকাশ ঘটে। স্কাউটিং শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল, সৎ, চরিত্রবান ও উচ্চ মনোবলসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলে।সপ্তম কাব ক্যাম্পুরি শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। ওই দিন সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. জিল্লুর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।