শিশু খুন, দুজনের মৃত্যুদণ্ড
শিশু খুনের দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম এই রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুজন হলেন: আনোয়ার হোসেন ওরফে শংকর এবং মো. জাকির হোসেন।
আদালতের পেশকার কল্যাণ কুমার সিংহ প্রথম আলোকে বলেন, ২০০৫ সালের ৯ এপ্রিল রাজধানীর শাজাহানপুর ওভারব্রিজের নিচ থেকে স্থানীয় জনতা একটি ব্যাগসহ শংকর ও জাকির আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদের ব্যাগে শিশুর কাটা মাথা জব্দ করে পুলিশ। রেলওয়ে পুলিশ মামলাটি তদন্ত করে এই দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার নথিপত্রের বিবরণ অনুযায়ী, হত্যার দায় স্বীকার করে বিচারকের কাছে স্বীকারোক্তি দেন দুই আসামি। শিশুটিকে হোটেলে কাজ দেওয়ার লোভ দেখিয়ে জয়দেবপুরের শালবনে নিয়ে শিশুটিকে হত্যা করা হয়। তবে শিশুটির নাম-পরিচয় উদ্ধার না করতে পারেনি পুলিশ। বয়স উল্লেখ করা হয়েছে দশ বছর।