শিশু খুনের দায় স্বীকার করে জবানবন্দি
চট্টগ্রামের ইপিজেড এলাকার এক শিশুকে শ্বাসরোধে খুন করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এক আসামি। হত্যার আগে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. রহমত আলীর আদালতে জবানবন্দি দেন আসামি আমির হোসেন।
গত বুধবার ভোরে নেত্রকোনা থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ১৩ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নারকেলতলা এলাকায় নিখোঁজ হওয়ার ১০ ঘণ্টা পর এলাকার একটি পুকুর থেকে শিশু তানিয়া আক্তারের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মামা আলাউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেন। শিশুটি ইপিজেড থানার নারকেলতলায় মামার বাড়িতে থাকত। ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বুধবার নেত্রকোনার মদন উপজেলা থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করে ইপিজেড থানা-পুলিশ।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আসামি আমির হোসেন আদালতে দেওয়া জবানবন্দিতে উল্লেখ করেছেন, শিশুটি তার নানির জন্য পান নিয়ে বাসায় ঢোকার সময় কৌশলে তার বাসায় নিয়ে যান। শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। শিশুটি চিৎকার করলে একপর্যায়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন। ভয় পেয়ে নিজেকে বাঁচাতে লাশটি বস্তাবন্দী করে ঘরে খাটের নিচে লুকিয়ে রাখেন। শিশুটির খোঁজে পরিবার ও আশপাশের লোকজন জড়ো হলে মধ্যরাতে বস্তাবন্দী লাশটি পাশের পুকুরে ফেলে দেন আমির। পরদিন সকালে তিনি নেত্রকোনা চলে যান।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, জবানবন্দির আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।