শিশু গৃহকর্মী ইয়াসিন নির্যাতনও আপসরফা!
দিনাজপুরে শিশু গৃহকর্মী ইয়াসিনের (১০) ওপর অমানুষিক নির্যাতনের ঘটনায় কোনো মামলা হচ্ছে না। অভিযুক্ত পরিবারের সঙ্গে এ নিয়ে আপস করেছে ইয়াসিনের দরিদ্র পরিবার। দুই পরিবার ও কোতোয়ালি থানা ঘটনার সত্যতা স্বীকার করেছে। দুই পরিবার জানিয়েছে, ‘দূর সম্পর্কের আত্মীয়’ হওয়ায় বিষয়টি তারা আপস করে নিয়েছে, কোনো অর্থ লেনদেন হয়নি।
শহরের ইসলাম মহল্লায় আইনজীবী মো. ফারুক হাসানের বাসায় চার মাস আগে গৃহকর্মী হিসেবে আসে ইয়াসিন। সেই বাসার গৃহকর্ত্রীর হাতে গত শুক্রবার অমানবিক নির্যাতনের শিকার হয় ইয়াসিন।
আজ সোমবার বিকেলে কোতোয়ালি থানায় দেখা যায় আইনজীবী ফারুক হাসান ও ইয়াসিনের মা-বাবাকে। সেখানে প্রথম আলোকে ফারুক হাসান বলেন, ‘দুই পরিবার বিষয়টি আপস করে নিয়েছি। ইয়াসিনের পরিবার আমাদের বিরুদ্ধে কোনো মামলা করবে না।’
কিন্তু বাড়িতে ১০ বছরের গৃহকর্মী নির্যাতনের ঘটনায় আপস কীভাবে সম্ভব? প্রথম আলোর এমন প্রশ্নের উত্তরে আইনজীবী ফারুক হাসান বলেন, ‘নির্যাতনের শিকার শিশুটি আমার স্ত্রীর দিক থেকে দূর সম্পর্কের আত্মীয়। অর্থাৎ আমরা একই পরিবারের সদস্য। ঘটনাটি পারিবারিক আদালতের বিষয়। ভিকটিম একজন শিশু। তার মা-বাবা না চাইলে এই মামলা হবে না। পুলিশ বাদী হয়ে এই মামলা করতে পারবে না। কাজেই এটি আপসযোগ্য ঘটনা।’
তবে, ওই সময় থানায় উপস্থিত অপর এক আইনজীবী সলিমুল্লাহ্ বলেন, ঘটনাটি ভুল-বোঝাবুঝি হিসেবে আখ্যায়িত করে দুই পরিবারের মধ্যে আপস হচ্ছে। কিন্তু ঘটনায় পুলিশ চাইলে বাদী হয়ে মামলা করতে পারে।
এদিকে থানায় উপস্থিত শিশু ইয়াসিনের বাবা মো. বাবু (৪৩) প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিব মানুষ। মামলা করে কী হবে? তা ছাড়া দূর সম্পর্কের হলেও আত্মীয়। তাই মামলা করব না।’ এক প্রশ্নের উত্তরে ভিকটিম শিশুর মা-বাবা দুজনই জানান, তাঁরা টাকা নিয়ে আপস করছেন না। স্বেচ্ছায় করছেন।
ইয়াসিনের মা শিরিন প্রথম আলোকে বলেন, ‘নিজেদের আত্মীয়ের মধ্যে ঘটনায় বিরোধ পুষে কী লাভ? এ জন্য মীমাংসা করি নিয়েছি। তবে ছেলেকে নিয়ে দেশে যাব। আর কাজে রাখব না।’
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেদওয়ানুর রহিম প্রথম আলোকে বলেন, ঘটনায় ভিকটিম পরিবারকে পুলিশ ময়মনসিংহ থেকে দিনাজপুরে এনেছে। কিন্তু শিশুর বাবা বা মা মামলা করতে না চাইলে পুলিশ বাদী হয়ে নির্যাতনকারী পরিবারের বিরুদ্ধে মামলা করতে পারে না। বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। তাঁর পরামর্শ অনুযায়ী কাজ করা হচ্ছে বলে তিনি জানান।
এ ধরনের আপসে আইনি অনুমোদন নেই বলে প্রথম আলোকে জানিয়েছেন দিনাজপুরের মানবাধিকারকর্মী আইনজীবী মাজহারুল ইসলাম সরকার। তিনি বলেন, শিশু রাষ্ট্রীয় সম্পদ। নিজের সন্তানকে মা-বাবাও শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করতে পারবেন না। আইন এ কারণেই আদালতকে শিশুর হেফাজতকারী মনোনীত করেছে। শিশু নির্যাতনের ঘটনায় দুই পরিবার আপস করার কথা বললেও আইন তা অনুমোদন করে না বলে তিনি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় শহরের সুইহারী এলাকার লোকজন ইয়াসিনকে অজ্ঞান অবস্থায় পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ নিজেদের তত্ত্বাবধানে রেখে শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শিশুর দেওয়া ঠিকানা অনুযায়ী ময়মনসিংহ জেলায় খবর পাঠিয়ে শিশুটির মা-বাবাকে নিয়ে আসা হয়।
ইয়াসিন জানায়, শুক্রবার সকালে বাসন মাজার কাজ ভালো করে না করার অভিযোগে গৃহকর্ত্রী রীনা পারভীন তাকে লাঠি দিয়ে পেটান। চড়, থাপ্পড় ও লাথি মারেন। এরপর বাড়ি থেকে বের করে দেন।
গত রোববার রাতে হাসপাতালে গিয়ে দেখা যায়, বিছানায় শুয়ে থাকা শিশুটির মাথা, মুখমণ্ডলসহ পুরো শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। মাথার অনেক স্থানজুড়ে চুল নেই। টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। মাথার বাঁ দিকে এবং ডান হাতের কনুইয়ের কাটা অংশে ব্যান্ডেজ।
হাসপাতালের চিকিৎসক ফারহানা বেগম জানান, শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত। তবে তার সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন