শিশু গৃহকর্মী দৈনিক ১৫ ঘণ্টা কাজ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন শিশু গৃহকর্মীকে গড়ে প্রতিদিন ১৫ ঘণ্টা কাজ করতে হয়। ৪০ শতাংশ গৃহকর্মীকে খেতে দেওয়া হয় পচা-বাসি খাবার। ৬০ শতাংশ শিশু গৃহকর্মী আগুনের কাছে এবং ৩০ শতাংশ গৃহকর্মী গরম পানির পাত্র নিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এবং বাংলাদেশ শিশু অধিকার ফোরামের বিভিন্ন গবেষণা ও জরিপে এসব তথ্য পাওয়া গেছে। এসব তথ্য সমন্বয় করে গতকাল শনিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে উপস্থাপন করা হয়।
‘এন্ড চাইল্ড লেবার: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক যৌথভাবে আয়োজন করে অস্ট্রেলিয়ান সরকারের পররাষ্ট্র বিভাগ, দ্য ডেইলি স্টার, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবেলিটি (সিএসআইডি) এবং ওয়ার্ল্ড ভিশন। মূল উপস্থাপনায় বলা হয়, দেশে প্রায় চার লাখ শিশু গৃহকর্মী আছে।
আলোচনায় অংশ নিয়ে একাধিক বক্তা শিশু গৃহকর্মীদের কাজকে দাসত্বের সঙ্গে তুলনা করেন। তাঁরা শিশু গৃহকর্মীদের জন্য দৈনিক বাধ্যতামূলক তিন ঘণ্টা স্কুলে থাকা, আইন ও নীতি বাস্তবায়ন, বাস্তবায়ন তদারকির সুপারিশ করেন।
সভার প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, শিশুশ্রম কমানো সম্ভব তবে একেবারে দূর করা সম্ভব নয়। আলোচনায় যেসব সুপারিশ করা হয়, মন্ত্রী সরকারের মাধ্যমে তা বাস্তবায়নের আশ্বাস দেন।
সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম ও দ্য ডেইলি স্টার-এর বিশেষ ক্রোড়পত্রের সম্পাদক শাহানুর ওয়াহিদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাংসদ কবি কাজী রোজী, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রেজাউল হক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোন্দকার মোস্তান হোসাইনসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, শ্রমিকদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।