শিশু গৃহকর্মী হত্যার অভিযোগে পল্লবীতে দম্পতি গ্রেপ্তার
শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে রাজধানীর পল্লবী থানার পুলিশ গতকাল রোববার এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। তাঁদের ফ্ল্যাট থেকে গৃহকর্মী হালিমার (১২) লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন ও কাটা জখম ছিল। গ্রেপ্তার হওয়া দম্পতি হচ্ছেন মোটর যন্ত্রাংশ ব্যবসায়ী খন্দকার ইমরান (৪৪) ও তাঁর স্ত্রী শিউলি। সন্ধ্যায় পল্লবী থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।পুলিশ জানায়, সকালে মিরপুর ১২ নম্বর সেকশনের এ-ব্লকে খন্দকার ইমরানের ফ্ল্যাটে ওই শিশুর লাশ খাটের ওপর রাখা ছিল।আবাসিক এলাকার নিরাপত্তাকর্মী ইয়াকুব জানান, ভোরে একটি বস্তা নিয়ে চতুর্থ তলার ফ্ল্যাট থেকে ইমরান বের হলে তিনি সামনে পড়েন। বস্তায় কী আছে, জানতে চাইলে ইমরান বলেন, কিছু ভাঙা যন্ত্রপাতি। ইমরানের আচরণে তাঁর সন্দেহ হয়। তাঁকে এড়াতে না পেরে ইমরান শেষ পর্যন্ত বস্তা নিয়ে ফ্ল্যাটে ফিরে যান।গাড়িচালক সোহেল রানা বলেন, ইয়াকুব তাঁকে সন্দেহের কথা জানালে তিনি থানায় ফোন করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, শিশু হালিমাকে হত্যা করা হয়েছে বলেই পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তের পর হত্যার কারণ স্পষ্ট হবে। গ্রেপ্তার হওয়া দম্পতি এ বিষয়ে মুখ বন্ধ রেখেছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্র জানায়, মেয়েটির মাথায় ভারী আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার বাঁ কানে, মাথার পেছনে, ঠোঁটের ওপরে ও পিঠে অনেক জখম রয়েছে।এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে এলাকার বেশ কিছু মানুষ সকালে প্রায় এক ঘণ্টা পল্লবী থানা ঘেরাও করে রাখে।