শিশু গৃহকর্মী হত্যার ঘটনায় প্রকৌশলীর স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গণপূর্ত বিভাগের প্রকৌশলীর বাসায় জাকির হোসেন (১২) নামে এক শিশু গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় প্রকৌশলী নওশাদ জামিলের স্ত্রী দিলরুবা বেগমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা করেছে পুলিশ।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর গত বুধবার রাতে নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ প্রকৌশলীর স্ত্রী দিলরুবাকে গ্রেপ্তার করে গতকাল আদালতে পাঠায়।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে, শিশুটি আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হলে প্রকৌশলীর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
জাকির গণপূর্ত সার্কেল-১-এর উপ-সহকারী প্রকৌশলী নওশাদ জামিলের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। ৪ এপ্রিল নগরের কোতোয়ালি রহমতগঞ্জ এলাকায় প্রকৌশলীর বাসা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। তবে প্রকৌশলীর দাবি ছিল শিশুটি আত্মহত্যা করেছিল। জাকির লক্ষ্মীপুরের সৈয়দপুরের নূর হোসেনের ছেলে। তার বাবা-মা নগরের আমিন জুট মিল এলাকায় থাকেন।