শিশু গৃহকর্মীকে ছ্যাঁকা: গৃহকর্ত্রীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ
ফরিদপুরে ‘চুরি’র অভিযোগে শিশু গৃহকর্মীকে ছ্যাঁকা দেওয়ার ঘটনায় গৃহকর্ত্রী নমিতা সিকদারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার ফরিদপুর ১ নম্বর বিচারিক আদালতের বিচারক আবদুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন।
অভিযোগ রয়েছে, গত ১৩ এপ্রিল শহরের চর কমলাপুরের বাড়ি থেকে একটি চেইন চুরির অভিযোগে গৃহকর্মী সুবর্ণা দাসের (১১) শরীরের বিভিন্ন জায়গায় গরম চাকু দিয়ে ছ্যাঁকা দেন নমিতা সিকদার।
এলাকাবাসী ২০ এপ্রিল রাতে শিশুটিকে উদ্ধার করে পরদিন ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ওই দিনই শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ পরিচালিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়।
নির্যাতনের ঘটনায় গত ২৪ এপ্রিল সুবর্ণার মা শিখা দাস নারী ও শিশু নির্যাতন দমন আইনে নমিতা সিকদারের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। এ ঘটনার পর থেকে নমিতা দাস আত্মগোপন করে ছিলেন। আজ তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল দৈনিক ‘প্রথম আলো’পত্রিকায় ‘ফরিদপুরে চুরির অভিযোগে শিশু গৃহকর্মীকে ছ্যাঁকা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সুবর্ণাকে ফরিদপুরে আনা হয় কাজের জন্য। শিশুটি যশোর জেলার মনিরামপুর উপজেলার চাউলিয়া গ্রামের শংকর দাসের মেয়ে।