শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা
শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী। তবে পুলিশ ওই ব্যবসায়ী রেজাউল করিমকে (৩৮) গ্রেপ্তার করতে পারেনি। রেজাউল জনশক্তি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, ১ জুলাই সকালে রাজধানীর শান্তিবাগের নভেলটি মঞ্জিলে রেজাউল ১৩ বছর বয়সী শিশু গৃহকর্মীকে ধর্ষণ করে। এ সময় তাঁর স্ত্রী নাজমা আক্তার বাসায় ছিলেন না। রুমা ওভারসিজ লিমিটেড নামের একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক রেজাউল। নাজমা ওই দিন দুপুরে বাসায় ফিরলে শিশুটি ঘটনাটি তাঁকে জানায়। গত ২ জুলাই নাজমা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন।মামলার অভিযোগে বলা হয়, স্ত্রীর অনুপস্থিতির সুযোগ নিয়ে রেজাউল গত ৩০ জুন রাতে প্রথম দফায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির বাধার মুখে রেজাউল ব্যর্থ হয়। পরদিন ১ জুলাই সকাল সাতটার দিকে রেজাউল তাঁকে ধর্ষণ করেন।নাজমা গতকাল জানান, রেজাউল আগেও একাধিকবার এ রকম ঘটনা ঘটিয়েছেন। সম্মানের ভয়ে এত দিন সবাই মুখ বুজে ছিল।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন প্রথম আলোকে জানান, রেজাউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা গত শনিবার সম্পন্ন হয়েছে। তবে এখনো প্রতিবেদন পাওয়া যায়নি।