শিশু গৃহকর্মীকে নির্যাতন, শিক্ষকের স্ত্রী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে শিশু গৃহকর্মীকে নির্যাতন করার ঘটনায় কলেজশিক্ষকের স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল রোববার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের শিক্ষক পংকজ কুমার সিকদারের স্ত্রী নমিতা সিকদার ফরিদপুর ১ নম্বর বিচারিক আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক আবদুল্লাহ আল মাসুদ আবেদনটি নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, শহরের চর কমলাপুর মহল্লার একটি বাড়িতে ভাড়া থাকেন শিক্ষক পংকজ। বছর খানেক ধরে তাঁর বাসায় গৃহকর্মীর কাজ করছে যশোরের মনিরামপুর উপজেলার শংকর দাসের মেয়ে সুবর্ণা দাস (১১)।

গত ১৩ এপ্রিল একটি স্বর্ণের চেইন চুরির অভিযোগ এনে সুবর্ণার শরীরের বিভিন্ন স্থানে চাকু গরম করে ছ্যাঁকা দেন নমিতা। এলাকাবাসী ২০ এপ্রিল রাতে শিশুটিকে উদ্ধার করেন। পরদিন তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়। গত ২৪ এপ্রিল সুবর্ণা দাসের মা শিখা দাস নমিতা সিকদারকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।