শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু গৃহকর্মীকে নির্যাতন করে হত্যার অভিযোগে গতকাল শুক্রবার উত্তরার একটি বাসা থেকে হোসনে আরা বেগম (৪৫) নামের এক গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত বুধবার রাতে আহত অবস্থায় ওই শিশুকে ভুল পরিচয় দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার সকালে শিশুটি মারা যায়। পুলিশ জানায়, শিশুটির নাম আকলিমা ওরফে স্বপ্না (১০)।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান মুঠোফোনে প্রথম আলোকে জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে তিনজন লোক উত্তরার একটি ঠিকানা দিয়ে আকলিমাকে হাসপাতালে ভর্তি করে। পরে ওই তিনজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরের দিন বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আকলিমা মারা যায়।পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, হাসপাতালের নিবন্ধন খাতায় দেওয়া শিশুটির ঠিকানা ভুল ছিল। এরপর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কের একটি বাড়ির তৃতীয় তলার একটি বাসার গৃহকর্ত্রী হোসনে আরা বেগমকে গ্রেপ্তার করে।ওসি আরও জানান, নিহত আকলিমা ওই বাসার গৃহকর্মী ছিল। বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রী তাকে শারীরিক নির্যাতন করতেন। বুধবার আকলিমাকে নির্যাতন করার একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে ভুল ঠিকানায় ভর্তি করা হয়। স্বপ্নার বাসা পল্লবীর একটি বস্তিতে। তার বাবার নাম সিদ্দিক, পেশায় রাজমিস্ত্রি।পুলিশ জানায়, ওই বাসার গৃহকর্তা রশিদ পলাতক রয়েছেন। গ্রেপ্তার হওয়া গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।