শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামে বালি আক্তার ওরফে কলি (১৪) নামে এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আজ বৃহস্পতিবার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নগরের চকবাজার থানার মেহেদীবাগ এলাকার একটি বহুতল ভবনের সামনে থেকে আহত শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, প্রায় ২০ দিন আগে কক্সবাজারের পেকুয়া থেকে আসে শিশুটি। মেহেদীবাগে একটি বহুতল ভবনের অষ্টম তলার ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করত সে।
ফ্ল্যাটের মালিকের দেওয়া বক্তব্যের বরাত দিয়ে পুলিশ জানায়, কাজে যোগ দেওয়ার একপর্যায়ে শিশুটি বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করতে থাকে। অনেক বুঝিয়ে তাকে কাজে রাখার চেষ্টা করা হয়।
পুলিশের ধারণা, বাড়ি যেতে না দেওয়ায় শিশুটি ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টা করে থাকতে পারে। এ সময় সে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হতে পারে। এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।