শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে লিমা আক্তার নামের ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহকর্ত্রী শাহেদা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে সাতটায় নগরের বায়েজীদ বোস্তামী থানার ডিওএইচএস আবাসিক এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। 

বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, মা-বাবাহারা লিমা আক্তারকে দুই বছর আগে বাকলিয়ার রাজাখালী এলাকার এক নারী শাহেদা আক্তারের বাসায় কাজ দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহেদা জানান, লিমা সকালে কাপড় শুকাতে দিতে ছাদে ওঠে। অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, পরে হাসপাতাল পুলিশ ফাঁড়ি থেকে বিষয়টি থানায় জানানো হলে জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিকট আত্মীয় কাউকে পাওয়া গেলে লাশ হস্তান্তর করা হবে। শিশুটির ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে, নাকি ছাদ থেকে কেউ ফেলে দিয়েছে, এ বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আজ দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছয়তলা ওই ভবনের ছাদে প্রায় আড়াই ফুট দেয়াল রয়েছে। এই দেয়াল টপকিয়ে অসাবধানতাবশত পড়ে যাওয়ার ঝুঁকি কম। গৃহকর্ত্রীর ভাই মো. আরমান দাবি করেন, কাপড় শুকাতে দিতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে লিমা। আশপাশের বাসিন্দারা জানান, ছাদ থেকে পড়ে যাওয়ার শব্দ তারা শুনেছেন। তবে শিশুটি পড়ে গেছে, নাকি কেউ ফেলে দিয়েছে তাঁরা জানেন না। আজ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়েও শিশুটির কোনো স্বজনকে পাওয়া যায়নি।