শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার এক বাসা থেকে গত শুক্রবার রাতে ঋতু (৮) নামের এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহকর্তার দাবি, ঋতু ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ বলছে, এ ঘটনাটি রহস্যজনক। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, ঋতু উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের একটি বাসার গৃহকর্মী ছিল। শুক্রবার রাত আড়াইটার দিকে ওই বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় গৃহকর্তা শওকত রেজা পুলিশকে জানান, ঋতু তিন মাস ধরে তাঁর বাসায় কাজ করছিল। শুক্রবার রাতে সে বারান্দার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাস দিয়ে আত্মহত্যা করে। ওসি বলেন, এ বয়সের একটি শিশুর পক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করা সম্ভব নয়। তা ছাড়া আত্মহত্যার প্রকৃত ও যৌক্তিক কারণও জানা যায়নি। ঘটনাটি রহস্যজনক। ওসি বলেন, প্রাথমিক তদন্তে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরও পুলিশ ঘটনার তদন্ত করবে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঋতুর গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুরাইলে। বাবা কামাল হোসেন। এদিকে গতকাল শনিবার সকালে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে এক অজ্ঞাতনামা তরুণীর (৩০) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে মীর হাজীরবাগ এলাকার একটি বাসার সামনে থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। তরুণীর পরণে ছিল কালো সালোয়ার-কামিজ। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে দুর্বৃত্তরা ওই তরুণীকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।