শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রকৌশলী বাচ্চু মিয়ার বিরুদ্ধে বাসার গৃহপরিচারিকা শিশু রুবিনাকে (১০) শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে নির্যাতিত রুবিনার মা মনোয়ারা খাতুন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা ও উপজেলা নির্বাহী অফিসার সরোজ কুমার নাথের কার্যালয়ে উপস্থিত হয়ে নির্যাতনের লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়ে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছেন।এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। রুবিনা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার রণসিংহপুর গ্রামের দিনমজুর আবদুল কুদ্দুছের মেয়ে। তার মা মনোয়ারা খাতুন কাপাসিয়ার বলদা নামক স্থানে অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন।রুবিনার মা মনোয়ারা খাতুন অভিযোগে করে জানান, গত কয়েক দিন আগে অফিসের এক কর্মচারীর মাধ্যমে উপজেলা প্রকৌশলী বাচ্চু মিয়ার বাসায় তাঁর মেয়ে রুবিনাকে কাজ করতে দেওয়া হয়। গত সোমবার রাতে রুবিনা ওই বাসায় কাজ করতে অস্বীকৃতি জানালে উপজেলা কমপ্লেক্সের ভেতরে অফিসার্স কোয়ার্টার ‘শ্যামলী’তে প্রকৌশলী বাচ্চু মিয়া রুবিনাকে মারধর করেন এবং ডাল ঘুঁটনি ও টিভির অ্যান্টেনার তার পেঁচিয়ে পিঠ ও মাথায় বেধড়ক পিটুনি দেন। এ সময় রুবিনা উপজেলা চেয়ারম্যানের অফিসে উপস্থিত সবার সামনে প্রকৌশলী বাচ্চু মিয়াকে দেখিয়ে বলে, ‘উনি আমাকে ছুরি দেখিয়ে গলা কেটে ফেলার হুমকি দেন এবং মারধর করেন। স্যারের হাতে-পায়ে ধরলেও আমাকে মারতে থাকেন। উনার বউ আমাকে ডাল ঘুঁটনি দিয়ে পিটিয়ে তা ভেঙে ফেলেন এবং আমাকে একটি কক্ষে তালা মেরে রাখেন।’ রুবিনার মা বলেন, সকালে এক কর্মচারীর মাধ্যমে এক হাজার টাকার বিনিময়ে প্রকৌশলী বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং তাঁর হাতে-পায়ে ধরেন। কিন্তু রুবিনার পরিবার ও আত্মীয়স্বজন ওই জঘন্য ঘটনাটিকে স্বাভাবিকভাবে মেনে নিতে না পেরে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি করে।উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেয়েছি এবং মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরোজ কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন ব্যবহার আশা করা যায় না। বিষয়টি খুবই দুঃখজনক। মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।উপজেলা প্রকৗশলী বাচ্চু মিয়া গৃহপরিচারিকাকে নির্যাতনের বিষয়টি অস্বীকার করে প্রথম আলোকে বলেন, মেয়েটি চলে যেতে চাইলে ভয়ভীতি দেখানো হয়েছে, মারধর করা হয়নি।