শিশু গৌরাঙ্গ 'হত্যা'র প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাকড়িছড়া চা-বাগানের শিশু গৌরাঙ্গ চাষাকে (৮) হত্যার অভিযোগ এনে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গত সোমবার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা বিক্ষোভ করেছে। একই সময়ে চা-বাগানের শ্রমিকেরা মৌলভীবাজার-ঢাকা সড়ক অবরোধ করেন। গৌরাঙ্গ মাকড়িছড়া চা-বাগানের শ্রমিক গোপাল চাষার মেজ ছেলে। সে মাকড়িছড়া চা-বাগানের প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। সোমবার সকালে সাতগাঁও টি কোম্পানির সাতগাঁও, মাকড়িছড়া ও ইছামতি চা-বাগানের প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী রাস্তায় নেমে আসে। তারা হত্যায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দেয়। মাকড়ি-ছড়া চা-বাগানের শ্রমিকেরা সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। সাতগাঁও ও ইছামতি চা-বাগানের শ্রমিকেরা সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। শ্রমিকদের একটি অংশ শ্রীমঙ্গল উপজেলার লছনা বাজারে বেলা সাড়ে ১১টা থেকে আধা ঘণ্টা ঢাকা-মৌলভীবাজার মহাসড়ক অবরোধ করে রাখেন।
চা-বাগানের শ্রমিকদের অভিযোগ, মোশাহিদ মিয়ার দাদন ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কাজে বাধা দেওয়ায় গোপাল চাষার ছেলে গৌরাঙ্গকে হত্যা করা হয়েছে। মাকড়িছড়া চা-বাগানের পাশে মোশাহিদ মিয়ার ফলের বাগান রয়েছে। পুলিশ ও গৌরাঙ্গের পরিবার সূত্রে জানা গেছে, ১৮ জুন থেকে গৌরাঙ্গ নিখোঁজ ছিল। ২০ জুন সন্ধ্যায় মাকড়িছড়া চা-বাগানের ১৯ নম্বর এলাকায় একটি ঝিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।