শিশু চালকের কাণ্ড!
১২ বছরের শিশু চালকের গাড়ির চাপায় পা ভেঙেছে ফুটপাতের চা–বিক্রেতা রোকেয়া বেগমের। গাড়িটির এক শিশু আরোহীর চোখও গুরুতর জখম হয়েছে। গতকাল মঙ্গলবার হাতিরঝিলে এ ঘটনা ঘটে।
আহত চা–বিক্রেতা রোকেয়া বেগমকে (৬০) আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু) ভর্তি করা হয়েছে। শিশু চালক এবং চোখে আঘাত পাওয়া আরেক শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মালেকা বেগম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, সন্ধ্যা ছয়টার দিকে একটি সাদা রঙের গাড়ি সজোরে এসে ফুটপাতে রোকেয়া বেগমের চায়ের দোকানটি গুঁড়িয়ে দিয়ে একটি লাইটপোস্টে গিয়ে ধাক্কা খায়। গাড়ির ভেতরে ছিল পাঁচটি শিশু। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করে। শিশু চালকের পাশে বসে থাকা সাব্বির নামের আরেকটি শিশু দুই চোখে গুরুতর আঘাত পেয়েছে। তার চোখ থেকে রক্ত ঝরছিল। আর চালক হাতে সামান্য আঘাত পেয়েছে।
পুলিশ জানিয়েছে, চালক শিশুটি ইস্কাটনে একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা পানির ব্যবসা করেন। এক সপ্তাহ আগে তিনি গাড়িটি কেনেন। শিশুটি গতকাল সবার অগোচরে গাড়ির চাবি নিয়ে মামাতো ভাই ও কয়েক বন্ধুকে নিয়ে হাতিরঝিলে ঘুরতে বের হয়। বিকেল চারটা থেকে ওই রাস্তায় গাড়িটি চালাচ্ছিল তারা। সন্ধ্যায় ঘটে দুর্ঘটনা।
হাতিরঝিলের ওই এলাকাটি রমনা থানা এলাকার মধ্যে পড়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেননি। হয়তো ভুক্তভোগী ও গাড়ির মালিক নিজেদের মধ্যে আপস করে ফেলেছেন।