শিশু চুরির ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ হাইকোর্টের

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যমজ নবজাতকের একটি চুরি হওয়ার ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল বুধবার স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন।
নবজাতক ওয়ার্ড থেকে দুটি শিশুর মধ্যে একটি চুরি হওয়ার ঘটনায় ওই ওয়ার্ডের নিরাপত্তা-সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো গাফিলতি ছিল কি না এবং প্রশাসনিক কোনো ব্যর্থতা ছিল কি না, তা খুঁজে বের করতে বলা হয়েছে। চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলে ২০ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। একই সঙ্গে তদন্তে পুলিশকে সহায়তা দিতে নির্দেশ এবং তদন্ত চলাকালে ওই শিশুর পরিবারকে নিরাপত্তা দিতে বলা হয়েছে।
ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর একটি প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত আদেশ দেন।
রুলে নিখোঁজ শিশুটিকে সুরক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণে বিবাদীদের ব্যর্থতায় কেন তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রধান ও রেজিস্ট্রারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
চুরি হওয়া শিশুটিকে গত সাত দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ২০ আগস্ট ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে যমজ দুই সন্তানের জন্ম দেন রুনা আক্তার। ২১ আগস্ট সকালে তাঁর একটি সন্তান চুরি হয়।
শিশু চুরির ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির গতকাল প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কমিটি এক দিন সময় বাড়িয়ে নিয়েছে। সে হিসাবে আজ তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা।
এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি তদন্ত করছে শাহবাগ থানার পুলিশ। পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যা ব ছায়া তদন্ত করছে। সূত্র জানায়, মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর, রাজধানীর উপকণ্ঠ সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।