শিশু চুরির সময় যুবক গ্রেপ্তার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চার বছরের এক শিশু চুরির সময় গতকাল রোববার ধরা পড়েছেন এক যুবক। তাঁর নাম মো. নাদিম। নাদিম নিজেকে হাসপাতালের এক বাবুর্চির ভাগনে বলে পরিচয় দিয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের সামনের এক চা বিক্রেতাকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ।হূদয় নামের ওই শিশুর মা কলি বেগম পেটের পীড়া নিয়ে পাঁচ দিন আগে হাসপাতালের ১১০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন।শিশুটির বাবা রুহুল আমিন কাজী বলেন, গতকাল বিকেলে তিনি অসুস্থ স্ত্রীর পাশে হূদয়কে রেখে ওষুধ আনতে যান। এসে দেখেন, হূদয় নেই। তিনি জরুরি বিভাগে এসে দেখেন, এক যুবক হূদয়কে কোলে নিয়ে দৌড়াচ্ছে। তিনি চিৎকার শুরু করেন। যুবক গেটের পাশে একটি চায়ের দোকানে হূদয়কে রেখে পালানোর চেষ্টা করেন। তখন যুবকের জামাকাপড় টেনে আটকে রাখেন তিনি। আশপাশের লোকজন এসে নাদিমকে ধরে শিশুটিকে তাঁর কাছে ফিরিয়ে দেয়। নাদিমকে পরে শাহবাগ থানার পুলিশে সোপর্দ করা হয়। হূদয় তার বাবাকে জানিয়েছে, জুস কিনে দেওয়ার কথা বলে তাকে ওয়ার্ড থেকে নিয়ে আসে নাদিম।