শিশু চুরির 'মূল হোতা' স্বামী-স্ত্রী গ্রেপ্তার
রাজধানীর মিরপুর থেকে আট মাসের মেয়ে মরিয়মকে চুরি করে বিক্রির ঘটনার ‘মূল হোতা’ আল-আমিন ও তাঁর স্ত্রী সালমাকে গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যা ব-১১-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০ ফেব্রুয়ারি মিরপুরের শাহ আলী থানার বাসিন্দা সেতু বেগমের মেয়ে মরিয়ম নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা সেতু বেগম শাহ আলী থানায় জিডি করেন। কিন্তু পুলিশ শিশুটিকে উদ্ধার করতে না পারায় সেতু বেগম র্যা ব-১১-এর কাছে ২০ ফেব্রুয়ারি অভিযোগ দেন। ২৮ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জের বন্দরের ফরাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে মরিয়মকে উদ্ধার করে র্যা ব। তিনজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু শিশু চুরি চক্রের মূল হোতা আল-আমিন ও তাঁর স্ত্রী সালমা পলাতক ছিলেন। গতকাল সকালে শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।