শিশু ছাত্রকে হত্যা, কেব্ল ব্যবসায়ীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার টিপুরদী গ্রামের জঙ্গল থেকে গত রোববার রাতে ওমর ফারুক (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাদক সেবনের টাকা না পেয়ে শিশু ওমরকে তার বাবা রফিকুল ইসলাম হত্যা করেছেন—এ অভিযোগে মামলা করা হয়েছে।
একই কারণে গতকাল সোমবার গাজীপুরের টঙ্গীতে মাদকাসক্ত ছেলে ও শ্যালকের নেতৃত্বে সন্ত্রাসীরা কেব্ল ব্যবসায়ী বদরুল আলমকে পিটিয়ে ৫০ হাজার টাকা ও মুঠোফোনের একটি সেট লুট করে। এ ঘটনায় কেব্ল ব্যবসায়ী বদরুল আলম টঙ্গী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোনারগাঁ থানার পুলিশ জানায়, ওমর ফারুক উপজেলার টিপুরদী গ্রামের সানরাইজ কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীতে পড়ত। তার বাবা রফিকুল ইসলাম আগে বাসচালকের সহকারী হিসেবে কাজ করতেন। মাস ছয়েক আগে রফিকুল কাজ ছেড়ে মাদকসেবীদের সঙ্গে মিশে নেশাগ্রস্ত হয়ে পড়েন। ১৩ নভেম্বর রফিকুল তাঁর স্ত্রী রোজিনা আক্তারের কাছে নেশা করতে ৩০ হাজার টাকা দাবি করেন। রোজিনা ওই টাকা জোগাড় করতে না পারায় রফিকুল ছেলে ওমরকে নিয়ে ওই দিনই বাড়ি থেকে বের হয়ে যান।
রোজিনা আক্তার বলেন, ‘রফিকুল রোববার রাতে আমাকে ফোন করে জানান, নেশার টাকা না পেয়ে তিনি ছেলেকে হত্যা করেছেন। লাশ নাকি গ্রামের পাশের জঙ্গলে রেখে দিয়েছেন। এরপর রাত ১০টার দিকে জঙ্গলে ছেলের লাশ দেখতে পাই।’
সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান জানান, ছেলেকে হত্যার অভিযোগে রোজিনা তাঁর স্বামী রফিকুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।
টঙ্গী থানার পুলিশ জিডির বরাত দিয়ে জানায়, টঙ্গীর উত্তর আউচপাড়া, খাঁপাড়া ও মোল্লাবাড়ি এলাকায় বদরুল আলম ২০০২ সাল থেকে কেব্ল লাইনের ব্যবসা করছেন। তাঁর ছেলে সামিউল আলম ওরফে রনি ও শ্যালক ফারুক দেড় বছর ধরে প্রতি মাসে ১০ হাজার টাকা করে নিচ্ছেন। কিন্তু দুজনের মাদক সেবনের বিষয়টি জানার পর তিনি টাকা দিতে চাননি। এতে ক্ষিপ্ত হয়ে সামিউল ও ফারুক কেব্ল ব্যবসার অর্ধেক শেয়ার দাবি করেন। তিনি রাজি হননি।
বদরুল আলম বলেন, সামিউল ও ফারুকের নেতৃত্বে পাঁচ-ছয়জন সন্ত্রাসী গতকাল সকালে উত্তর আউচপাড়া এলাকায় তাঁকে বেধড়ক মারধর করে। সন্ত্রাসীরা তাঁর পকেট থেকে ৫০ হাজার টাকা ও একটি মুঠোফোনের সেট লুটে নেয়।
জানতে চাইলে সামিউল আলম বলেন, ‘আমার বাবা সবার কাছে বিচার দেন আমি নাকি নেশাখোর। সেই রাগে কিছু ঘটনা ঘটছে।’