শিশু জখমের বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি
দেশে প্রতিবছর প্রায় ৩০ হাজার শিশু জখমজনিত কারণে মারা যায়। স্থায়ী পঙ্গুত্ব বরণ করে আরও ১৩ হাজার শিশু। আর ১০ লাখ শিশু অসুস্থ হয়।গতকাল শনিবার শিশুর জখমবিষয়ক এক অভিজ্ঞতা বিনিময় সভায় এ তথ্য তুলে ধরা হয়। ‘সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিচার্স-বাংলাদেশ’ এ সভার আয়োজন করে।সভায় আলোচকেরা শিশু জখমের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাঠ্যপুস্তকে বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানান। বক্তারা বলেন, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে, পড়ে গিয়ে, আগুনে পুড়ে, প্রাণীর আক্রমণ ইত্যাদি নানা রকম জখমে আক্রান্ত হয়ে অনেক শিশু প্রাণ হারাচ্ছে কিংবা পঙ্গুত্ব বরণ করছে। শিশু জখমের বিষয়টি নিরাপদ স্কুল কর্মসূচির আওতায় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হলে শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমে আসবে। এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, আচরণগত পরিবর্তন, সর্বোপরি সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে জখমজনিত শিশুমৃত্যু ও পঙ্গুত্ব প্রতিরোধ করা সম্ভব।সেন্টার ফর মাস এডুকেশন অ্যান্ড সায়েন্সের নির্বাহী পরিচালক মুহাম্মদ ইব্রাহিম, সিআইপিআরবির অন্যতম পরিচালক আমিনুর রহমান, শাহজাহান তপন অনুষ্ঠানে বক্তব্য দেন। পাঠ্যক্রম বিশেষজ্ঞ মো. শাহজাহান, নায়েমের সাবেক নির্বাহী পরিচালক গাজী মো. আহসানুল কবীর, নায়েমের পরিচালক অধ্যাপক জিয়াউল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতারুজ্জামান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সুমেরা আহসান ‘জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডে ইনজুরি প্রতিরোধবিষয়ক শিক্ষা এবং সিআইপিআরবি শিক্ষা উপকরণ স্তর-১ এবং ৮: একটি তুলনামূলক গবেষণা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।