শিশু জন্মের পরই পরীক্ষা দিতে ছুট
২০১১ সালের ২২ ফেব্রুয়ারি। ভোর ছয়টায় আফরোজা পারভিন যখন পড়ার টেবিলে, তখন তার প্রসবব্যথা ওঠে। মাত্র চার ঘণ্টা পর তার গণিত পরীক্ষা। সাড়ে ছয়টার দিকে জন্ম নিল একটি কন্যাশিশু। নবজাতককে শাশুড়ির কোলে তুলে দিয়ে আফরোজা চলে যায় পরীক্ষা দিতে। যথারীতি পরীক্ষা দেয় সে। গতকাল বৃহস্পতিবার তার ফল প্রকাশিত হয়েছে। সে জিপিএ-৫ পেয়েছে। পড়ালেখায় উদ্যমী আফরোজা ভবিষ্যতে প্রশাসনের একজন কর্মকর্তা হতে চায়।আফরোজা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর গ্রামের মুনতাজ আলীর মেয়ে। চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় সে। আফরোজা জানায়, গ্রামের গোলাম মোস্তফার ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে ২০০৯ সালের ৯ অক্টোবর কালীগঞ্জ শহরে তার বিয়ে হয়। চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন জানান, মেয়েটি পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। দরিদ্র হয়েও মনোবলের কারণে সে ভালো ফল করতে সক্ষম হয়েছে।