শিশু জান্নাতুলকে সহায়তা

নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী জান্নাতুল ফেরদৌসকে শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে জান্নাতুলের মা ফিরোজা বেগমের হাতে এই চেক তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম। জান্নাতুলও এ সময় উপস্থিত ছিল।
জান্নাতুলের বাড়ি চাঁদপুরে। সে গাজীপুরে এক বাসায় এক বছর গৃহকর্মী ছিল। বিমানবন্দরে চাকরি করা গৃহকর্তা ওমর ফারুক ও তাঁর স্ত্রী মণি বেগমের কাছে সে বাড়ি যাওয়ার আবদার করত। এই আবদার করার ‘অপরাধে’ গত বছর তাকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়। এক বছরে প্রায়ই জান্নাতুল নির্যাতনের শিকার হতো।
পা থেকে মাথা পর্যন্ত ক্ষত থাকা জান্নাতুলকে গত বছরের ১৫ সেপ্টেম্বর প্রথমে চাঁদপুরের হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চাঁদপুর প্রশাসন তাকে সার্বিক সহায়তা দেয়। পরে তার উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেয় প্রথম আলো ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে জান্নাতুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার মাথায় গরম ইস্তিরি দিয়ে ছ্যাঁকা দিয়েছিলেন গৃহকর্ত্রী মণি বেগম। সারা শরীরেও ছিল নির্যাতনের চিহ্ন। চিকিৎসা শেষে পুনর্বাসনের অংশ হিসেবে জান্নাতুলকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। বিএনডব্লিউএলএ জান্নাতুলের মামলায় আইনি সহায়তাও দিচ্ছে।
গতকাল জাতীয় প্রেসক্লাবে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী গৃহশ্রমিক সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানেই জান্নাতুলের মায়ের হাতে চেক তুলে দেওয়া হয়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন জান্নাতুলের চেকটি হস্তান্তরের দায়িত্ব দিয়েছিল গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদকে।