শিশু জিহাদ ও নাহিদ হত্যা মামলার ৫ আসামি রিমান্ডে
নারায়ণগঞ্জে শিশু মোহাম্মদ জিহাদ ও যুবলীগের কর্মী মো. নাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফিয়া বেগমের আদালত দুটি পৃথক শুনানিতে জিহাদ হত্যা মামলার তিন আসামির তিন দিন এবং নাহিদ হত্যা মামলার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।জিহাদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, জিহাদ হত্যা মামলার সাত আসামির মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই আসামিরা হলেন সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ বেপারীপাড়ার সাদেক, ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার স্বপন ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার গিলাবাড়ীর মো. সালাম।যুবলীগের কর্মী মোহাম্মদ নাহিদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) এমদাদ হোসেন বলেন, নাহিদ হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার রাতে দ্বীন মোহাম্মদ ও সবুজ নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।মুক্তিপণের জন্য গত ২৬ জুন ফতুল্লার ধর্মগঞ্জ বেপারীপাড়া থেকে সাড়ে চার বছর বয়সী শিশু জিহাদকে অপহরণ করা হয়। অপহরণকারীদের চিনে ফেলায় পরদিন জিহাদকে কাঁচপুর সেতুর ওপর থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যা করা হয়।