শিশু জিহাদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি
রাজধানীর শাহজাহানপুরে পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলার শুনানি গতকাল হয়নি। আজ বুধবার আবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক আখতারুজ্জামান এ দিন দার্য করেন।
গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষী হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আদালত এ তারিখ ধার্য করেন।
২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর কলোনির মাঠে খেলতে গিয়ে শিশু জিহাদ ওয়াসা ও রেলওয়ে কর্তৃপক্ষের অরক্ষিত পাইপে পড়ে মারা যায়। দীর্ঘ ২৩ ঘণ্টা অভিযান চালানোর পরও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে সাধারণ লোকজন তাঁদের নিজস্ব ব্যবস্থায় জিহাদের মরদেহ উদ্ধার করেন। ২৮ ডিসেম্বর এ মামলা করেন জিহাদের বাবা নাসির উদ্দিন। ৩১ মার্চ রেলওয়ের সহকারী জ্যেষ্ঠ প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।
এ মামলার অপর আসামিরা হলেন বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, দীপন কুমার ভৌমিক, নাসির উদ্দিন ঠিকাদার, শফিকুল ইসলাম ও ইলেকট্রিশিয়ান জাফর অহম্মেদ ।