শিশু তন্ময় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
সাত বছরের শিশু সিফাত আলী তন্ময়কে অপহরণের পর হত্যার দায়ে জহিরুল ইসলাম (২৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক সানজিদা ইসলাম এ রায় দেন। আসামিকে এক লাখ টাকা জরিমানারও আদেশ দেন আদালত।
আদালত রায়ের সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান। রায়ে বলা হয়, মামলায় আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণে ১৫ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে। আসামির বিরুদ্ধে অপহরণ করে হত্যার অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ সক্ষম হওয়ায় আসামি জহিরুলকে মৃত্যুদণ্ড দেওয়া হলো।
রায় ঘোষণার আগে আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আলী আজগর।
২০১২ সালের ২৬ মার্চ দারুস সালাম প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তন্ময়কে অপহরণ করে নিয়ে যান তাঁদের বাসার ভাড়াটে জহিরুল। অপহরণের পর তন্ময়ের বাবা হজরত আলীর কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দেওয়ায় তন্ময়কে শ্বাসরোধে হত্যা করা হয়।