শিশু তাইনের রোগ নিয়ে দুই মত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি শিশু মো. আসওয়াদ হোসাইন তাইনের রোগ নিয়ে চিকিৎসকদের কাছ থেকে দুরকম তথ্য পাওয়া গেছে। বার্ন ইউনিট বলছে, শিশুটি ‘ম্যাক্রোডেকটাইলি’ রোগে আক্রান্ত। অন্যদিকে শিশু বিভাগ বলছে, সে ‘ম্যাক্রোডিস্ট্রোফিয়া লিপোম্যাটোসিস’ রোগে আক্রান্ত। আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসকদের কাছ থেকে এসব জানা যায়।
চার বছর বয়সী তাইন ভর্তি আছে বার্ন ইউনিটের অধ্যাপক মো. সাজ্জাদ খন্দকারের অধীনে। মো. সাজ্জাদ খন্দকার প্রথম আলোকে বলেন, শিশুটির আঙুলগুলো অস্বাভাবিকরকম বড়। এটাকে বলা হয় ‘ম্যাক্রোডেকটাইলি’। অস্ত্রোপচার করে শিশুটিকে সুস্থ করে তোলার চেষ্টা তাঁরা করবেন। তিনি বলেন, শিশুটি অপুষ্টির শিকার। তার আরও কিছু জটিল সমস্যা থাকতে পারে। এই বিভাগের একাধিক চিকিৎসক বলেছেন, এটি বিরল কোনো রোগ না।
অন্যদিকে ঢাকা মেডিকেলের শিশু বিভাগের প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা বলেছেন, শিশুটি ‘ম্যাক্রোডিস্ট্রোফিয়া লিপোম্যাটোসিস’ রোগে আক্রান্ত। এটি জন্মগত একটি বিরল রোগ। রোগের ব্যাপারে বিদেশি জার্নাল ও ওয়েবসাইট থেকে নেওয়া তথ্য ও ছবি তিনি এই প্রতিবেদককে দেখান। তিনি বলেন, শিশুটির কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা শুরু হবে। তবে প্রাথমিকভাবে অস্ত্রোপচারই এর চিকিৎসা।
অস্বাভাবিক আকৃতির দুই পা নিয়ে নিয়ে গত ২৯ মার্চ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়েছে যশোরের যোগীপাড়ার মো. নাজমুল হোসাইনের ছেলে মো. আসওয়াদ হোসাইন তাইন। জন্মের পর থেকেই তাইনের পা ও বাঁ-দিকের নিতম্ব অস্বাভাবিক বড়। জন্মের পর থেকেই শরীরে তাপ বেশি।
গতকাল নাজমুল প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেটির সঠিক চিকিৎসা হোক, এটাই আমি চাই।’
আরও পড়ুন: