শিশু তানজিলার হত্যাকারীর ফাঁসির দাবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী তানজিলা হত্যা মামলার আসামি সাদু মিয়ার ফাঁসির দাবিতে দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন বিক্ষোভ ও মানববন্ধন পালন করেছেন।
গতকাল রোববার দুপুরে উপজেলার শ্রীনিবাসদী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শ্রীনিবাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহমুদপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা, এলাকার বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের লোকজন অংশ নেন। তাঁরা শিশু তানজিলার ছবিসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে শ্রীনিবাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শালমদী নয়া বাজার পর্যন্ত রাস্তার দুই ধারে মানববন্ধন করেন। পরে বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মাহমুদপুরের ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ, শ্রীনিবাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সফর আলী মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ আহমদ, মাহমুদপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল মিয় প্রমুখ।
১ মে আমগাছে ঢিল দেওয়ার অভিযোগে শ্রীনিবাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তানজিলাকে পিটিয়ে হত্যা করা হয়।