শিশু তামিম হত্যায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র
সিরাজগঞ্জের উল্লাপাড়ার শিশু তামিম হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আজ বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সবুজ রানা সিরাজগঞ্জের আমলি আদালতে এটি দাখিল করেন। এতে মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।
এই পাঁচজন হলেন উপজেলার নরসিংহপাড়া গ্রামের আবদুল মান্নান ও তাঁর ছেলে ফিরোজ হোসেন, হাফিজুল ইসলাম, বাহের আলী এবং উল্লাপাড়ার চকপাঙ্গাসী গ্রামের জহুরুল ইসলাম। এঁদের মধ্যে জহুরুল ও বাহের পলাতক আছেন।
অভিযোগপত্র থেকে জানা গেছে, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সোলায়মান হোসেনের সাত বছর বয়সী ছেলে তামিম নরসিংহপাড়ায় নানার বাড়িতে বেড়াতে যায়। ওই দিন বিকেলে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরের দিন সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তামিমের বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তার আসামিরা দুই লাখ টাকার বিনিময়ে শিশুটিকে হত্যা করেছেন মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।