শিশু তাহমিদ হত্যা: বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে তিন বছরের শিশু তাহমিদ হাসানকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচার দাবিতে ঝিনাইগাতী উপজেলা সদরের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেরপুর, ১১ জানুয়ারি। ছবি: দেবাশীষ সাহা রায়
সাড়ে তিন বছরের শিশু তাহমিদ হাসানকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচার দাবিতে ঝিনাইগাতী উপজেলা সদরের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেরপুর, ১১ জানুয়ারি। ছবি: দেবাশীষ সাহা রায়

শেরপুরে শিক্ষক দম্পতির শিশুসন্তান তাহমিদ হাসানের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। একই দাবিতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। শেরপুরের বিক্ষুব্ধ শিক্ষক সমাজ আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের নিউমার্কেট মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে।

বৃহস্পতিবার বেলা তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও সাধারণ মানুষ অংশ নেন। পরে আয়োজকদের পক্ষ থেকে ডিসি ও এসপি বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) খন্দকার খালিদ বিন নূর প্রথম আলোকে বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।

বিকেলে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ, শেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন, বিক্ষুব্ধ শিক্ষক সমাজের পক্ষে ইসরাত জাহান, শিশু তাহমিদের বাবা আব্দুল মালেক রতন, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

সদর থানার পুলিশ গত শনিবার বিকেলে শেরপুর শহরের সজবরখিলা এলাকার হেলাল উদ্দিনের বাড়ির সীমানাপ্রাচীরের লোহার কাঁটাতারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাড়ে তিন বছরের শিশু তাহমিদ হাসানের লাশ উদ্ধার করে। তাহমিদ সজবরখিলা এলাকার শিক্ষক দম্পতি আব্দুল মালেক রতন ও জহুরা পারভীনের ছোট ছেলে। এ ঘটনায় আব্দুল মালেক রতন বাদী হয়ে গত রোববার হেলাল উদ্দিন, তাঁর স্ত্রী শিরিনা আক্তার, ছেলে রিয়াজ উদ্দিন ও মেয়ে শিলা আক্তারসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে।