শিশু তুহিনের ফুফুর বাড়ি যাওয়া হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু তুহিন হোসেনের (৬) আর ফুফুর বাড়ি যাওয়া হলো না। পথেই ট্রাকচাপায় প্রাণ গেল তার। এ ঘটনায় রাজধানীর অদূরে সাভারের উলাইল এলাকায় গতকাল শুক্রবার শোকের ছায়া নেমে আসে।তুহিন পোশাকশ্রমিক সৈয়দ জামাল হোসেনের ছোট ছেলে। সে মা-বাবার সঙ্গে উলাইলের কর্ণপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকত।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, তুহিন এক প্রতিবেশীর সঙ্গে গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে হেঁটে সাভারের ব্যাংক টাউনে ফুফু সাহারা খাতুনের বাসায় বেড়াতে যাচ্ছিল। সকাল ১০টার দিকে সে কর্ণপাড়া সেতুর ওপর পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় তুহিনকে পেছন দিক থেকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তুহিনের নিথর দেহ চাকার সঙ্গে আটকে যাওয়ায় কিছুদূর যাওয়ার পর চালক চালাতে না পেরে ট্রাক রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটি আটক করে।তুহিনের বাবা জামাল হোসেন ছেলের ক্ষতবিক্ষত লাশ দেখে বারবার মূর্ছা যাচ্ছিলেন। আর বুক চাপড়ে বলছিলেন, ‘বাপ রে, তোরে কত কইছি, তুই অ্যাকা অ্যাকা ফুফুর বাড়ি যাইস না। আমার কতা হুনলে তোরে আর হারাইতাম না।’পাশেই ছেলের ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করছিলেন মা রুবিয়া বেগম।সাভার থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তুহিনের পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।