শিশু দিবস উদ্যাপিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ছিল ১৭ মার্চ। নানা কর্মসূচির মধ্য দিয়ে নগরের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দিবসটি পালন করেছে। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
সাউথ এশিয়ান কলেজ: দিবসটি উপলক্ষে সাউথ এশিয়ান কলেজে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. আবদুল গোফরান দারিদ্র্য ও শোষণমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তরুণ নতুন প্রজন্ম ও শিশুদের দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের বাংলা বিভাগের শিক্ষক মো. আবদুল্লাহ আল বারী। এ ছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ‘চির ভাস্বর চির মহিমান’ কবিতাটি আবৃত্তি করে শোনান জীববিজ্ঞান বিভাগের শিক্ষক বীরেশ্বর নন্দী। আলোচনা সভায় বক্তব্য দেন লুনেট বড়ুয়া, শাহনাজ সুলতানা, মোছলেহ উদ্দিন প্রমুখ।

যুব রেড ক্রিসেন্ট: যুব রেড ক্রিসেন্ট সরকারি কমার্স কলেজ ইউনিটের উদ্যোগে শিশু দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে দুস্থ শিশুদের নিয়ে শিশু সমাবেশ, শোভাযাত্রা ও খাবার বিতরণ করা হয়।
ওই ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে এসব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া, বিশেষ অতিথির বক্তব্য দেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ আবদুল মুবিন ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নাসিম ফারহানা। অনুষ্ঠানে দুস্থ শিশুদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ শেষে শিশুদের নিয়ে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
২২ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ: দিবসটি উপলক্ষে ২২ নম্বর ওয়ার্ড এনায়েত বাজার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরের সৈয়দ আহম্মদ চৌধুরী লেইনের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উল্লাহ, প্রধান বক্তা ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মো. ইদ্রিছ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা: দিবসটি উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে সিটি করপোরেশন লালদীঘি পার্কে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি এম এম মোরশেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, আবদুর রশিদ, বোরহান উদ্দিন, শাহনেওয়াজ হায়দার, আ ক ম শামসুজ্জামান, দেবব্রত দাশ, নাছির আহমেদ, মাহবুবুর রহমান, শাহাদাত হোসেন, আবদুর রহমান, মো. জোবায়ের, জাহিদুর রহমান প্রমুখ।
শ্রমিক লীগ: নগর শ্রমিক লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও শ্রমিক নেতা আবুল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবদুল আহাদ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সদস্য দোস্ত মোহাম্মদ, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহাবুবুল হক, অরুণ দাশ, এম এ রহিম, জসিম উদ্দিন, নাসির উদ্দিন, কাঞ্চন দাশ, আসাদুল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ প্রতিষ্ঠা হতো না। এমনকি শ্রমিক সমাজের অর্থনৈতিক মুক্তিও সম্ভব হতো না।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ: বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে নবাব সিরাজদৌল্লা রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও এম মনছুর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সোলেমান, প্রজন্ম লীগের নেতা আশুতোষ দত্ত, নাজিম উদ্দীন, আবু তাহের, মো. শাহনেওয়াজ, মোহাম্মদ সেলিম, তারেক মাহামুদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই স্বাধীন হয়েছিল বাংলাদেশ। আজ একাত্তরের পরাজিত শক্তি, বিএনপি নেত্রী ও তাঁর ছেলের রোষানলে পুড়ছে দেশ।
প্রত্যয়’ ৭১: প্রত্যয় ’৭১–এর উদ্যোগে শিল্পকলা একাডেমীর নূপুর ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও প্রত্যয় ’৭১–এর সাধারণ সম্পাদক শামিমা হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন স্বপন সেন, টি কে সিকদার, এম এম দিদারুল আলম, ফরহাদ আলী, সিজার বড়ুয়া, কামরুন নেছা চৌধুরী, বাবু দে, আবদুল হাকিম প্রমুখ। এতে বক্তারা বলেন, চেতনায় বঙ্গবন্ধুকে ধারণ করে এগিয়ে গেলে আমাদের জয় আসবেই।

৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ: দিবসটি উপলক্ষে পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ওয়ার্ড সভাপতি জহির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দীন ইবনে আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগ নেতা অমল মিত্র, রঞ্জিত রক্ষিত, আবদুল মতিন সর্দার, আবদুল মান্নান, আতাউল্লাহ চৌধুরী, সানা উল্লাহ, আবিদ হোসেন, ওয়ারিশ আলী খান প্রমুখ।
হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট পাবলিক স্কুল: নগরের হালিশহরের হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলে সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। কর্মসূচির মধ্যে ছিল হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য এম এ ছাত্তার। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক প্রতিনিধি সদস্য রুবিনা আক্তার। বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাকছুদুর রহমান, শিক্ষক রুখসানা হক, আমেনা বেগম, আনিসুর রহমান, কাজী আবু মো. রায়হান, ফরিদ উদ্দিন মজুমদার প্রমুখ। পরে অতিথিরা হাতের লেখা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে জাতির জনক ও তাঁর স্বজনদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মৌলানা মো. শাহনওয়াজ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শামসুন নাহার চৌধুরী। বিজ্ঞপ্তি।