শিশু দিবস উপলক্ষে টিফিন বক্স বিতরণ ও রচনা প্রতিযোগিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার আড়াই হাজার শিশুকে টিফিন বক্স দেওয়া হয়েছে। একই দিন শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা হয়েছে।
জাতীয় শিশু দিবস উপলক্ষে গফরগাঁওয়ের লংগাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে গতকাল দুপুরে মাইজবাড়ি হাতেমতাই উচ্চবিদ্যালয় মাঠে শিশুসমাবেশ হয়।
পরে সেখানে ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে ইউনিয়নটির ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির আড়াই হাজার শিক্ষার্থীকে টিফিন বক্স দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। অনুষ্ঠানে লংগাইল ইউপির চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন সভাপতিত্ব করেন।
এতে সহকারী কমিশনার (ভূমি) শেখ শামছুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শেরপুর জেলা শিশু একাডেমী কার্যালয়ে দুপুরে এ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় শ শিশু অংশ নেয়।
এ সময় জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানসহ প্রতিযোগিতার বিচারক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আজ শুক্রবার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।