শিশু দুটির সঙ্গে নির্দয় আচরণ!
মোবাইল ফোনসেট চোর সন্দেহে দুই শিশুকে গত সোমবার মারপিট করার পর দোকানের সামনে প্রখর রোদে ছয় ঘণ্টা বেঞ্চের সঙ্গে বেঁধে রাখা হয়। চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ঈদগাহ বাজারে এ ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাহ বাজারের ব্যবসায়ী সাজু বেপারীর একটি মুঠোফোনের সেট গত রোববার বিকেলে হারিয়ে যায়। এই সেটটি চুরি করার সন্দেহে ইব্রাহিমপুর গ্রামের করিম গাজীর ছেলে রুবেল (১০) এবং আবুল বারেক গাজীর ছেলে ইসমাইলকে (১১) সোমবার সকালে তাদের বাড়ি থেকে ধরে বাজারে আনা হয়। পরে সাজু বেপারীর লোকজন তাদের মারধর করে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত দোকানের সামনে প্রখর রোদে বেঞ্চের সঙ্গে বেঁধে রাখে। এ সময় তাদের কোনো পানি ও খাবার খেতে দেওয়া হয়নি। এরপর শিশু দুটিকে একটি দোকানে আটকে রাখা হয়। চাপের মুখে বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়।রুবেল ও ইসমাইল জানায়, চোর সন্দেহে তাদের মারধর করা হয়েছে। রোদের মধ্যে বেঁধে ফেলে রাখা হয়েছে। পানি খেতে চেয়েছে, তবু তাদের একটু পানিও খেতে দেওয়া হয়নি। গতকাল মঙ্গলবার রুবেলের বাবা করিম গাজী বলেন, ‘বিনা অপরাধে আমার ছেলেকে সাজু বেপারীর লোকজন মারধর করেছে। ওর গায়ে জ্বর এসেছে। দিনভর কিছু খাচ্ছে না।’ইসমাইলের মা ফাতেমা বেগম বলেন, ‘টাকার অভাবে ছেলেকে স্কুলে পড়াতে পারি না। একটি মাদ্রাসায় পড়ে। চোর সন্দেহে মারপিট করার পর ওর ঘাড়ে ব্যথা করে। শোয়া থেকে উঠতে পারে না।’ সাজু বেপারী বলেন, ‘এই ছেলে দুটিকে আমার দোকানের পাশ দিয়ে ঘোরাঘুরি করতে দেখেছি। তারা ফোনসেট চুরি করতে পারে এমন ভেবে তাদের শাস্তি দেওয়া হয়েছে।’ স্থানীয় বাজারের ব্যবসায়ী মোজাম্মেল হোসেন বলেন, ‘শিশু দুটির বাড়ি আমার গ্রামে। তারা কখনো চুরি করেছে বলে শুনিনি।’ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল মিজি বলেন, ‘আমি ঘটনা পুলিশকে অবহিত করেছি। চোর সন্দেহে শিশু দুটির সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি।’