শিশু ধর্ষণ বাড়ছেই, নিষ্ঠুরতা নিয়ে উদ্বেগ

দিনাজপুরে পাঁচ বছরের শিশুকে বীভৎসভাবে নির্যাতনের ঘটনায় শিশু নিপীড়নের বিষয়টি আবার আলোচনায় এসেছে। শিশু অধিকার নিয়ে কর্মরত ব্যক্তিরা বলছেন, যৌন নির্যাতনসহ দেশে বিভিন্ন ধরনের শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে। নির্যাতনের ধরন নিয়েও উদ্বিগ্ন তাঁরা।
বিভিন্ন পরিসংখ্যান পর্যালোচনা করে শিশু অধিকার নিয়ে কর্মরত ব্যক্তিদের বক্তব্যের সত্যতা মেলে। ১০টি জাতীয় পত্রিকার তথ্য পর্যালোচনা করে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বলেছে, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে শিশু ধর্ষণের ঘটনা বেড়েছে ১৬১ দশমিক ৮১ শতাংশ। গণধর্ষণ বেড়েছে ৩৫০ শতাংশ। ধর্ষণের পর হত্যার সংখ্যা বেড়েছে ৪৩ শতাংশ। ধর্ষণের চেষ্টা বেড়েছে ৩৮০ শতাংশ। উত্ত্যক্তকরণ বেড়েছে ৭৭১ দশমিক ৪৩ শতাংশ। যৌন নিপীড়ন বা শ্লীলতাহানির ঘটনা বেড়েছে ২৩৩৩ দশমিক ৩৩ শতাংশ। এ দুই বছরের তুলনামূলক পর্যালোচনায় শুধু ধর্ষণের পর আত্মহত্যা কমার প্রবণতা পাওয়া গেছে। ধর্ষণের পর আত্মহত্যা কমেছে ৮৩ শতাংশ।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের ২০১৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল এবং চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পর্যালোচনা করে যে প্রতিবেদন দেওয়া হয়েছে, সে অনুযায়ী গত বছরের প্রথম চার মাসে শিশু হত্যার ঘটনা ঘটে ৯২টি, চলতি বছরের একই সময়ে তা ঘটে ৯৪টি। শিশু ধর্ষণের ঘটনা গত বছরের প্রথম চার মাসে ছিল ১২১, চলতি বছরে তা হয় ১৩৮, অর্থাৎ ১৪ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারম্যান ইমরানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি সংগঠনের পক্ষ থেকে শিশু নির্যাতনের ঘটনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার কথা বলা হচ্ছে দীর্ঘদিন ধরে। তবে নির্মম নির্যাতনের শিকার রাকিব, রাজনের মামলা দ্রুত বিচার করে যে দৃষ্টান্ত দেখায় সরকার, তা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে দ্রুত বিচার করে রায় হলেও দ্রুত শাস্তি কার্যকরের নজির নেই। সরকারের বেশির ভাগ জনপ্রতিনিধি, সাংসদ এলাকায় গিয়ে শিশু নির্যাতনের বিষয়ে কথা বলেন না। শিশুদের জন্য আলাদা অধিদপ্তরের দাবি তোলা হচ্ছে দীর্ঘদিন ধরে। তা এখন পর্যন্ত হয়নি। নির্যাতনের ধরনের নির্মমতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সব মিলিয়ে বলা যায়, আমরা যাঁরা শিশু অধিকার নিয়ে কাজ করছি, তাঁরা হতাশ।’
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শিশুদের ধর্ষণ, পর্নোগ্রাফি, বলাৎকার, উত্ত্যক্তকরণ, শিক্ষকের মাধ্যমে যৌন নির্যাতন, পারিবারিক নির্যাতনসহ বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে ৭৫৪টি। এর মধ্যে মামলা হয়েছে মাত্র ১৮৪টি। আটটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবর এবং আসকের নিজস্ব পর্যালোচনার ভিত্তিতে তৈরি করা প্রতিবেদন মতে, বছরের নয় মাসে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা ঘটেছে ১৯০টি। এর মধ্যে মামলা হয়েছে ১১৭টি।
আসকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ নূর খান প্রথম আলোকে বলেন, দেশে বর্তমানে সব ধরনের নির্যাতনই বেড়েছে। নারী ও শিশুর অবস্থান সব সময়ই নাজুক, তাই এদের ওপর নির্যাতন আরও বেড়েছে।
নূর খানের মতে, দেশে শিশু নির্যাতন বাড়ার পেছনে বিচারহীনতার সংস্কৃতির একটি যোগসূত্র আছে। তিনি বলেন, নির্যাতনের ঘটনা চোখের সামনে ঘটলেও এগিয়ে আসতে ভয় পাচ্ছে মানুষ। সামাজিক অবক্ষয় মাত্রা ছাড়িয়েছে বলেই দিনাজপুরে মাত্র পাঁচ বছরের শিশুকেও বীভৎসভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে। বর্তমানে যে হারে এবং যেভাবে শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, তাকে নূর খান নিজেদের ‘দুর্ভাগ্য’ হিসেবে উল্লেখ করেন।
শিশু নির্যাতনের ঘটনা ঘটার পর বা প্রতিরোধে ঘুরেফিরে সরকার আসলে কী করছে, তা একটি বড় প্রশ্ন হয়ে দেখা দেয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, বৈঠকে নারী ও শিশু নির্যাতনের বিষয়টি আলোচনায় আসে। সাংসদ ও জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় এ ধরনের নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর ক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তা দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়ে চিঠি পাঠানো হয়। মন্ত্রণালয়ে শিশুদের জন্য একটি শাখা আছে। নারী ও শিশু নির্যাতন নিয়ে একটি সেল আছে। শিশুর অধিকার রক্ষায় বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। তবে সরকারি কর্মকর্তা ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের মতে, শিশু নির্যাতন প্রতিরোধ বা ঘটনা ঘটার পরে সরকারের তৎপরতা খুবই অপ্রতুল।
তবে চাঞ্চল্যকর শিশু নির্যাতনের ঘটনা ঘটার পর সরকারের বিভিন্ন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা কিছুটা তৎপরতা বাড়ান। গত বুধবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের জুডিশিয়াল কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক দিনাজপুরের শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানান।
শিশুদের জন্য হেল্পলাইন উদ্বোধন: দেশব্যাপী শিশুদের সুরক্ষায় প্রথমবারের মতো ‘হেল্পলাইন ১০৯৮’ চালু করা হয়েছে। দেশের যেকোনো প্রান্তে কোনো শিশু কোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার হলে বিনা মূল্যে ১০৯৮ হেল্পলাইনে ফোন করে জানাতে পারবে। গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হেল্পলাইন সেবা চালু করেন।
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কর্মরত অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু প্রথম আলোকে বলেন, শিশুদের জন্য ১০৯৮ হেল্পলাইনটি সরকারের একটি প্রকল্পের কম্পোনেন্ট হিসেবে অপরাজেয় বাংলাদেশ ২০১০ সাল থেকে পরিচালনা করে আসছে। পাইলট প্রকল্প হিসেবে ঢাকার আটটি থানায় এটি পরিচালিত হয়। বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকার সরাসরি তা পরিচালনা করবে।
ওয়াহিদা বানু বলেন, শিশুদের জন্য শুধু হেল্পলাইন চালু করাই যথেষ্ট নয়, শিশু নির্যাতনের পর ফোন ধরে ফোনেই কাউন্সেলিং করে লাভ হবে না; নির্যাতনের হাত থেকে শিশুদের তাৎক্ষণিকভাবে রক্ষার জন্য ‘কুইক রেসপন্স টিম’ থাকতে হবে।