শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে শামসুল আলম(৪৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। আসামি শামসুল আলম চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ভান্ডারিপাড়ার মৃত আবদুল হাকিমের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালে ২ অক্টোবর আসামি প্রতিবেশী ওই শিশুকে কৌশলে ঘরে ডেকে নিয়ে যান। এরপর শিশুটির মুখ বেঁধে ধর্ষণ করেন। ঘটনাটি প্রকাশ না করতে শিশুটিকে নানা ভয়ভীতিও দেখান ওই আসামি। শিশুটি ঘরে ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এ ঘটনার এক দিন পর শিশুটির মা বাদী হয়ে শামসুল আলমের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি চন্দন তালুকদার জানান, গ্রেপ্তারের পর আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ৮ জানুয়ারি অভিযোগপত্র দেয়। আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ওই বছরের ২৯ ফেব্রুয়ারি। মামলায় মোট আটজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বর্তমানে আসামি কারাগারে আটক আছেন।