রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গতকাল বুধবার সকালে দুই শতাধিক অভিভাবক কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
অভিভাবকদের অভিযোগ, ৫ মে প্রিপারেটরি স্কুলের ইংরেজি মাধ্যম শাখার প্রথম শ্রেণির এক ছাত্রীকে ভয় দেখিয়ে মুখ চেপে ধরে বিদ্যালয়ের পেছনে নির্মাণাধীন ভবনের শ্রমিকদের থাকার একটি কক্ষে নিয়ে যায় এক ব্যক্তি। পরে অন্য ছাত্রীরা চিৎকার করলে শিশুটিকে ছেড়ে দেয় লোকটি। ঘটনার শিকার শিশুটি ভয়ে এ বিষয়ে তার অভিভাবকদেরও কিছু বলেনি। পরদিন শিশুটিকে নিয়ে তার মা স্কুলে এলে শিশুটির অন্য সহপাঠীরা মাকে বলে, ‘আন্টি, ওকে গতকাল ডাকাত ধরেছিল। ছুরি দেখিয়ে ঘরে নিয়ে গিয়েছিল।’ ওই অভিভাবক পরে শিশুটিকে সঙ্গে করে নিয়ে কোন ঘরে তাকে নেওয়া হয়েছিল তা ঘুরে দেখেন। এরপর তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে ৯ মে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।
ওই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি অভিযোগ করে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে স্কুল ক্যাম্পাসে দুই শতাধিক অভিভাবক বিক্ষোভ করেন। প্রায় আধা ঘণ্টা পরে অধ্যক্ষ বেলায়েত হোসেন এসে অভিভাবকদের নিবৃত্ত করেন।
গতকাল বেলা ১১টার দিকে স্কুলে গেলে কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, তাঁদের অভিযোগ কলেজ কর্তৃপক্ষ শিশু ধর্ষণচেষ্টার বিষয়টিকে কোনো আমলেই নিচ্ছে না। আট দিনেও এর কোনো প্রতিকার করেনি কর্তৃপক্ষ। শুধু এই শিশুটি নয়। অতি সম্প্রতি পঞ্চম ও চতুর্থ শ্রেণির আরও দুটি শিশু এ রকম ঘটনার শিকার হয়েছে। তবে তাঁরা কেউই ওই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রী নিগ্রহের অভিযোগটিকে গুজব হিসেবে দাবি করেছে কর্তৃপক্ষ।
অধ্যক্ষ বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, অভিভাবকদের ভাষ্যমতে ৫ মে শিশুটি যখন খেলছিল, তখন কে বা কারা তার মুখ চেপে ধরে একটি ঘরে নিয়ে যায়। পরে ছেড়ে দেয়। শেষ পর্যন্ত শিশুটির কোনো ক্ষতি হয়নি। ৬ মে শিশুটি ক্লাসও করেনি। এর পরের দুই দিনেও অভিভাবকেরা কিছুই জানাননি। চার দিন পরে ৯ মে ওই শিশুটির অভিভাবকসহ আরও কয়েকজন অভিভাবক বিদ্যালয়ের রেক্টরের কক্ষে গিয়ে মৌখিকভাবে ঘটনাটি জানান এবং ঘটনার বিচার না করলে বিক্ষোভের হুমকি দেন। ওই দিনই কলেজ শাখার শিক্ষক মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির কাছে শিশুটি যে লোকটিকে দোষী হিসেবে শনাক্ত করেছে, সে ৫ মে ওই স্কুল ক্যাম্পাসে ছিল না বলে জানা গেছে। এ কারণে গতকাল কমিটির প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও কমিটি আরও তিন কার্যদিবস বেশি সময় চেয়েছে।