শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় সালিসে জরিমানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রাম্য সালিসে অভিযুক্ত ব্যক্তিকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে সালিসে সঠিক বিচার না পেয়ে গত শুক্রবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত তরুণের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ওই তরুণ কৌশলে শিশুটিকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান। এ সময় শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। বুধবার রাতে গ্রাম্য সালিসে অভিযুক্ত ব্যক্তিকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
শেরপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ধরনের ঘটনায় গ্রাম্য সালিস বসানোর আইনগত কোনো ভিত্তি নেই। শিশুটির বাবা অভিযোগ করে বলেন, সালিসে মাতবরেরা অভিযুক্ত ব্যক্তিকে চার হাজার টাকা জরিমানা করেন। সঠিক বিচার না পেয়ে তিনি থানায় মামলা করেছেন।
গ্রাম্য মাতবর কফিল উদ্দিন বলেন, শিশু ও অভিযুক্ত ওই তরুণের পরিবার আর্থিকভাবে সচ্ছল নয়। এ জন্য স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য সালিস বসানো হয়েছিল। সালিসে অভিযুক্ত ব্যক্তিকে চার হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু শিশুটির বাবা এই বিচারে সন্তুষ্ট হতে পারেননি। বিশালপুর ইউপির চেয়ারম্যান শাজাহান আলী বলেন, ঘটনাটি তিনি জানেন না।
শেরপুর থানা-পুলিশের এসআই ফারুক হোসেন বলেন, সালামকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। অভিযুক্ত তরুণ পলাতক রয়েছেন।