শিশু ধর্ষণের অভিযোগে তরুণআটক
মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চরে এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে পুলিশ গতকাল শুক্রবার আমিনুল ইসলাম (১৮) নামের তরুণকে আটক করেছে। আমিনুল উপজেলার বাহাদুরপুর আলিয়া মাদ্রাসার ছাত্র ও পাচ্চরের ঠাকুরবাজার এলাকার বাসিন্দা।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাসুদ বলেন, ‘শিশুকে ধর্ষণের খবর জানার পর আমি পুলিশ পাঠিয়ে কৌশলে আমিনুলকে আটক করেছি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।’
সরেজমিনে জানা যায়, শিবচরের পাচ্চর এলাকার একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী ওই শিশু দুই দিন আগে ঠাকুরবাজার এলাকায় তার দুলাভাইয়ের বাড়ি বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে এলাকার আত্মীয় আমিনুল দুই প্যাকেট চানাচুর নিয়ে ওই বাড়িতে যায়। একপর্যায়ে আমিনুল মেয়েটিকে ফুসলিয়ে বাথরুমে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি চিৎকার করলে আমিনুল পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হয়ে গেলে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে বিষয়টি শিবচর থানার পুলিশকে জানানো হয়।
প্রতিবেশী হাওয়া বিবি বলেন, ‘আমি আমিনুলকে মেয়েটিকে নিয়ে বাথরুমের দিকে যেতে দেখেছি। কিন্তু ছোট্ট মেয়ে তো তাই সন্দেহ করিনি। পরে ওর চিৎকারে দৌড়ে গিয়ে দেখি ও ব্যথায় কাতরাচ্ছে।’
মেয়ের দৃষ্টিপ্রতিবন্ধী দুলাভাই বলেন, ‘আমি সবার দয়ায় চলি তাই থানা-পুলিশ করি নাই।’ পাচ্চর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হাওলাদার বলেন, ‘এর আগেও আমিনুল অনেক খারাপ কাজ করেছে।’