শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নে ১২ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রোববার রাতে পুলিশ হারুনুর রশিদ ওরফে শুভ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও শিশুটির পরিবার জানায়, শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত রোববার বিদ্যালয় ছুটি হলে শিশুটি ভুলে শ্রেণি কক্ষে দুটি বই ফেলে যায়। বিকেলে সে তার চাচাতো বোনকে সঙ্গে নিয়ে বইগুলো আনতে বিদ্যালয়ে যায়। এ সময় একই গ্রামের তিনজন বখাটে যুবক মো. মাসুদ, মিন্টু ওরফে কালা ও হারুনুর রশিদ তাদের দেখে এগিয়ে যায়। এরপর শিশুটির চাচাতো বোনকে দুজন বাইরে আটকে রাখে। মাসুদ ওই শিশুটিকে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। ওই দিন সন্ধ্যায় তাকে প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে মামলা করেছেন।

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা জানান, শিশুটির চিকিৎসা চলছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।