শিশু ধর্ষণের চেষ্টা, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত মঙ্গলবার মধ্যরাতে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে ওই হাসপাতালের বিনা বেতনের এক ওয়ার্ড বয়। এ ঘটনায় হাসপাতালের উপপরিচালক মুশফিকুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসাধীন এক নারীর সঙ্গে তাঁর ১২ বছরের একটি মেয়ে রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মেয়েটি শৌচাগারে যাওয়ার সময় ওয়ার্ড বয় কামাল হোসেন তার পথ আটকায়। এরপর তাকে শৌচাগারে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে পাশের ওয়ার্ড থেকে রোগী ও তাদের স্বজনেরা এগিয়ে গেলে কামাল পালিয়ে যান। গতকাল বুধবার শিশুটির মা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেন। পরে হাসপাতালের উপপরিচালক মুশফিকুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কর্মদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, দীর্ঘদিন ধরে কামাল নারী ওয়ার্ডে কাজ করে আসছিলেন। শিশুটির মায়ের অভিযোগ শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দেওয়া হয়েছে। পলাতক কামাল হোসেনকে ধরতে পুলিশ চেষ্টা করছে।
ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, অভিযুক্ত কামাল হোসেন হাসপাতালের কোনো কর্মচারী নন, বহিরাগত। তবে কীভাবে তিনি ওই ওয়ার্ডে কাজ করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।