শিশু ধর্ষণের জরিমানা ২৫ হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় প্রায় দুই মাস আগে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করেন প্রতিবেশী আহম্মল আলী (৫৫)। পরে ৩০ হাজার টাকা জরিমানা করে ঘটনার রফা করেন মাতব্বরেরা। এরপর সেখান থেকে পাঁচ হাজার টাকা শিশুটির বাবার হাতে দিয়ে পুরো পরিবারটিকেই গ্রামছাড়া করেন মাতব্বরেরা। বাকি ২৫ হাজার টাকা ভাগবাঁটোয়ারা করে নেন তাঁরা।
উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর, ব্র্যাকের মানবাধিকার ও লিগ্যাল এইড শাখার কর্মীরা গত মঙ্গলবার শিশুটিকে অন্য একটি উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার করেন। তখনই অসহায় পরিবারটির কাছ থেকে জানা যায় ঘটনা।
নন্দীগ্রাম থানার পুলিশ, ব্র্যাক ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে জানা যায়, ওই শিশুকে উপজেলার বড় ডেড়াহার গ্রামের আহম্মল আলী গত ৬ ফেব্রুয়ারি বাড়ির পাশে নির্জন স্থানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মাতব্বরেরা সালিস বসান। ওই সালিসে মাতব্বর মামুনুর রশিদ, মুকুল হোসেন, খুদা হাজি, আনছার আলী, মামুন, আবদুল গফুর, রেজাইল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা আহম্মদ আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এর পাঁচ হাজার টাকা শিশুটির বাবার হাতে দিয়ে শিশুটিকে এলাকার বাইরে রাখেন মাতব্বরেরা।
ব্র্যাক নন্দীগ্রাম উপজেলা কার্যালয়ের মানবাধিকার ও আইন সহায়তার মাঠ কর্মকর্তা কাজলী খাতুন বলেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় মঙ্গলবার এক আত্মীয়ের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর পরিবারটিকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিলে রাতেই শিশুটির মা নন্দীগ্রাম থানায় মামলা করেন। প্রাথমিক অনুসন্ধানে সালিসের সত্যতা মিলেছে। শিশুটির হতদরিদ্র দিনমজুর বাবা-মা এখনো আতঙ্কে আছেন।
সালিসে উপস্থিত থাকা মাতব্বর মামুনুর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
থানার ওসি শাহজাহান আলী বলেন, গতকাল বুধবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার পর আহম্মল আলী পালিয়েছেন।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সারমিন সুলতানা বলেন, শিশুটিকে উদ্ধার করতে গিয়েও ওই মাতব্বরদের বাধার মুখে পড়তে হয়।