শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই বছরের একটি শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত মো. খুরশিদ আলমের বাড়ি নোয়াখালীর চরজব্বার এলাকায়।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামের বায়েজিদ থানার শেরশাহ শাহ আমানত কলোনিতে পাশাপাশি ঘরে থাকত আসামি খুরশিদ আলম ও ধর্ষণের শিকার শিশুটির পরিবার। ২০১১ সালের ৬ মে খুরশিদ শিশুটিকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় সেদিনই শিশুটির বাবা বায়েজিদ থানায় মামলা করেন। একই বছরের ৩১ জুলাই পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১২ সালের ১৮ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ নাসের প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে আসামি কারাগারে আছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা গেছে। তিনি জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।