শিশু ধর্ষণের দায়ে তরুণের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. নূর আলী গতকাল বুধবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত তরুণের নাম মো. বকুল (২৩)। তিনি তেঁতুলিয়া উপজেলার মাগুরা গ্রামের মো. জোফরোর ছেলে। রায়ের পর তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২ অক্টোবর সকালে আসামি বকুল ব্র্যাক স্কুলের শিক্ষার্থী ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করেন। পরদিন ওই শিশুর বাবা তেঁতুলিয়া থানায় বকুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। মামলার তদন্তকারী দুই কর্মকর্তা তেঁতুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুর রহমান ও মো. সালাহউদ্দিন ২০১০ সালের ২৯ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে উপরিউক্ত দণ্ডাদেশ দেন। অতিরিক্ত পিপি জাহাঙ্গীর আলম বাদীপক্ষে এবং আইনজীবী আবু বকর ছিদ্দিক আসামিপক্ষে মামলা পরিচালনা করেন।