শিশু ধর্ষণের পর হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামে এক শিশুকে (৭) ধর্ষণের পর হত্যার অভিযোগে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে গত মঙ্গলবার এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিত ওই তরুণের নাম জাকির হোসেন মোল্লা (২৩)। তিনি অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামের হান্নান মোল্লার ছেলে। জাকির কারাগারে আটক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম ইদ্রিস আলী জানান, ধর্ষণের পর হত্যার শিকার ওই শিশুটির নাম রেশমা খাতুন রোশনি। সে আমডাঙ্গা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। ২০১০ সালের ১০ নভেম্বর বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরছিল সে। এ সময় জাকির হোসেন মোল্লা তাকে পেঁপে খেতে ডাকেন। রোশনি বাড়ি গিয়ে বিদ্যালয়ের পোশাক খুলে জাকিরের কাছে পেঁপে খেতে যায়। যাওয়ার আগে সে জাকিরের কাছে পেঁপে খেতে যাচ্ছে বলে মাকে জানিয়ে যায়। জাকির তাকে হাফিজুর রহমানের বাড়ির পাশে শিমখেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করে ফেলে রেখে যান।

এ ঘটনায় রোশনির মা তাসলিমা খাতুন বাদী হয়ে জাকির হোসেন মোল্লাকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেন।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামি জাকির হোসেন মোল্লার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত মঙ্গলবার বিচারক তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন। বিচারক তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন।